এলাহাবাদে কুম্ভ মেলায় ৩ কোটি পুণ্যার্থী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
ভারতের উত্তরাঞ্চলের এলাহাবাদে কুম্ভ মেলায় যোগ দেয়ার জন্য প্রায় তিন কোটি হিন্দু ধর্মাবলম্বী সন্ন্যাসী ও তীর্থযাত্রী জমায়েত হয়েছেন। প্রতি বারো বছর পর পর অনুষ্ঠেয় এই মেলাকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম বৃহত্ ধর্মীয় জমায়েত। পাপমোচনের আশায় গতকাল রোববার কয়েক কোটি হিন্দু পুণ্যার্থী গঙ্গা ও যমুনা নদীর মোহনায় মহাস্নানে অংশগ্রহণ করেন। মেলার ৬টি স্নান দিবসের মধ্যে এদিনটিকে সবচে’ পবিত্রতম দিন বলে মনে করেন পুণ্যার্থীরা। ধারণা করা হচ্ছে, ৫৫ দিনব্যাপী এ মেলা চলাকালে প্রায় ১০ কোটি মানুষ গঙ্গাস্নানে অংশ নেবেন। গঙ্গা নদীর পাড়ে ১৮টি জায়গায় এই স্নান অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন গঙ্গায় এই স্নানের মধ্য দিয়ে তারা পাপ এবং জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হন। প্রতি ১২ বছর পর এলাহাবাদে এই মেলা অনুষ্ঠিত হলেও এ বছরের উত্সবটি একটি মহা কুম্ভ মেলা, যা প্রতি ১৪৪ বছর পর পর উদযাপিত হয়ে থাকে। গতকালের এই অনুষ্ঠানের নিরাপত্তার জন্য হাজার হাজার পুলিশ এবং আধা-সামরিক বাহিনী ও কমান্ডো মোতায়েন করা হয়েছে।