আফগানিস্তানে বিদায়ী ন্যাটো বাহিনী প্রধান বলেছেন, তালেবানকে দেশের ভবিষ্যত্ শাসন ব্যবস্থায় ভূমিকা রাখতে হলে সন্ত্রাস পরিহার এবং নারীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেন, শনিবার কাবুলে আল জাজিরার প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তালেবানকে আরো নমনীয় হতে হবে, সন্ত্রাস পরিত্যাগ করতে হবে এবং আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। দেশের ভেতরের দ্বন্দ্ব-সংঘাত বন্ধের জন্য তালেবান, জনগণ ও কারজাই সরকারকে একটি সমঝোতায় পৌঁছতে হবে। রবিবার অ্যালেনের পদ ছাড়ার কথা। ধারণা করা হচ্ছে ২০১৪ সালে আফগানিস্তান ছাড়ার আগ পর্যন্ত সেখানে ন্যাটো বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের জেনারেল জোসেফ ডানফোর্ড।
