গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন জাতীয় নির্বাচনের ন্যায় ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সব কিছুই ছিল। স্ব স্ব স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রাঙ্গামাটি
রাঙ্গামাটি প্রতিনিধি \ রাঙ্গামাটি সদরের পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার ৩৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল ৯টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এসব নির্বাচন যারা নির্বাচিত হবেন তারা বিদ্যালয়ের শিক্ষার মান্নোয়ন, পরিবেশ সংরক্ষণ, পুস্তক, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, বিদ্যালয়ের আঙ্গিনায় বাগান তৈরিসহ বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
রূপগঞ্জ (না’গঞ্জ)
রূপগঞ্জ সংবাদদাতা \ রূপগঞ্জ উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা এ নির্বাচনে প্রার্থী ও ভোটার ছিল। প্রতি বিদ্যালয়ে ১২ থেকে ২০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। শ্রেণী ভিত্তিক সর্বোচ্চ ভোট প্রাপ্ত ২ জন করে মোট ৭ জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করে।
নির্বাচনে প্রতি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, নির্বাচনী এজেন্ট নিয়োগ করা হয়। শিক্ষক-শিক্ষিকারা নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে কমিশনার পঞ্চম শ্রেণীর ছাত্রী রোকেয়া আক্তার জানায়, সকাল থেকে ভোটাররা লাইন ধরে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, জাতীয় নির্বাচনের ন্যায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ক্ষুদে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম বলেন, শিশু কাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, শিখন শিখানো পদ্ধতিতে সহায়তা করা, ছাত্র ভর্তি ও ঝরা রোধে সহযোগিতা করা, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীকে অংশগ্রহণ নিশ্চিত করাই এ নির্বাচনের লক্ষ্য।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ উপজেলার ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উত্সবমুখর পরিবেশে ‘স্টুডেন্ট কাউন্সিল’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী জানান, ব্যতিক্রমী এই নির্বাচনে ছাত্র-ছাত্রীরাই ভোটার। তারাই প্রার্থী এবং নির্বাচনের সব দায়িত্ব পালন করে। শিক্ষকরা তাদের সহযোগিতা করেন মাত্র। নির্বাচিতরা হল ৩য় শ্রেণীতে অজম ও শিলা, ৪র্থ শ্রেণীতে সবুজ ও রিমি এবং ৫ম শ্রেণীতে জীবন, আলামীন ও শাবনুর। নির্বাচনে মোট ১৮ জন প্রার্থী অংশ নেয়।
মির্জাপুর (টাঙ্গাইল)
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ দুর্নীতি প্রতিরোধ সমাজ গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নেতৃত্ব বিকাশের জন্য ক্ষুদে শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল হয়েছে। বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছোটরা ভোট দিল বড়দের। গতকাল রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়েছে। পৌরসভা ও ১৪টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভোট গ্রহণ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, (৩য়-৫ম) শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে সকাল থেকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীসহ ৭ সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ গঠন করেছে।
নির্বাচনের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু বয়সে নেতৃত্ব বিকাশ এবং বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করা। বরাটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া প্রাথমিক বিদ্যালয়, কুইচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিন ঘুরে দেখা গেছে, সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে শিশুরা তাদের নিজেদের ভোট দিচ্ছে। নির্বাচন দেখতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ম্যানেজিং কমিটির সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছাত্রদের মধ্য থেকে একজন নির্বাচন কমিশনার, ২ জন সহকারী নির্বাচন কমিশনার, ১ জন প্রিজাইডিং অফিসার, ৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৬ জন পোলিং অফিসার ও ১ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোন্দকার রাসেল আহমেদ স্বাধীন জানিয়েছেন, বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৫শ’। ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।
দেবীগঞ্জ (পঞ্চগড়)
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা\ দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করতে রবিবার মডেল স্কুলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ৩৯২ জন ছাত্র-ছাত্রী ভোটার হয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে ভোট প্রদানে অংশ নেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ছাত্র-ছাত্রীরা উত্সবমুখর পরিবেশে ভোট দেয়ার জন্য অপেক্ষমাণ লাইনে দাঁড়িয়েছিল। প্রতি শ্রেণী থেকে ২ জন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনরত ৫ম শ্রেণীর ছাত্র টি,এন আল নাসেখ আলভি জানান, ১ জন ভোটার ৭টি ভোট দেয়। প্রতি শ্রেণী থেকে ২ জন করে মোট ৬ জন ও অতিরিক্ত ১ জন মোট ৭ জন প্রতিনিধি ছাত্রদের দেয়া ভোটে নির্বাচিত হয়। ৭টি পদের জন্য ৩য় শ্রেণীতে ৬ জন, ৪র্থ শ্রেণীতে ৮ জন এবং ৫ম শ্রেণী থেকে ৩ জন মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সখীপুর (টাঙ্গাইল)
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল রবিবার টাঙ্গাইলের সখীপুরে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিশু-কিশোর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে তাদের ভোট প্রদান করেছে। এই নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যে উত্সাহ-উদ্দীপনার কমতি ছিল না। এযেন ছিল সত্যি এক অন্যরকম পরিবেশ। সখীপুর প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানান, এই নির্বাচনে প্রতিটি বিদ্যালয়ে ৭টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই পদের মধ্যে রয়েছে- একজন প্রধানমন্ত্রী, একজন খাদ্যমন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী, একজন পরিবেশমন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রীসহ ৭জন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী হালিমা আক্তার বলেন, এই নির্বাচনের মূল উদ্দেশ্য হচ্ছে শিশুকাল থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র চর্চা এবং নেতৃত্ব বিকাশে প্রতিভা অন্বেষণ।
সোনারগাঁও (না’গঞ্জ)
সোনারগাঁও সংবাদদাতা\ সোনারগাঁওয়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা নির্বাচনে ভোটগ্রহণ চলে। এতে অংশগ্রহণ করে প্রত্যেক স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেনি পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। তিন শ্রেণিতে মোট ৭টি পদের বিপরীতে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। উপজেলার ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে শনি ও রবিবার দুই দফায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
