কটিয়াদীতে কুড়িখাই ফকিরি মেলা শুরু আজ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুড়িখাই বার আউলিয়ার অন্যতম হযরত শাহ্ শামসুদ্দিন বুখারী (রঃ) ওরস উপলক্ষে ৭ দিনব্যাপী ফকিরি মেলা আজ সোমবার থেকে শুরু হবে। রবিবার রাতব্যাপী দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ফকির-দরবেশ ও পাগলের আগমন ঘটবে। দরবার শরীফ প্রাঙ্গণে বসবে শত শত ফকিরি গানের কাফেলা। জনশ্রুতি আছে ১২২৫ খৃস্টাব্দে বার আউলিয়ার সাথে হযরত শাহ্ সামসুদ্দিন আউলিয়া (রঃ) তিনজন সহচর শাহ্ নাছির, শাহ্ কবির ও শাহ কলন্দরকে সঙ্গে নিয়ে ধর্ম প্রচারের জন্য কটিয়াদী উপজেলার কুড়িখাই আস্তানা স্থাপন করেন। প্রতিবছর মাঘ মাসের শেষ মঙ্গলবার ওরস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সোমবার ফকিরি সম্মেলনসহ ৭ দিনব্যাপী প্রায় ১ কিঃ মিঃ এলাকা জুড়ে বিশাল মেলা অনুষ্ঠিত হবে। সবচেয়ে আকর্ষণ মাছের হাট। এখানে বড় বড় বোয়াল, চিতল, কাতল আইড়সহ বিশাল বিশাল মাছ পাওয়া যায়। কুড়িখাই মেলা কমিটির সম্পাদক মঈনুজ্জামান অপু বলেন, মেলা উপলক্ষে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া মাজার সংলগ্ন একটি বৃহত্ মসজিদ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখানে রয়েছে মাজার শরীফ ফকির পাগলের ৪টি আস্তানা ভবন, অফিস ভবন, পুকুর, ভাণ্ডারঘর, ২টি মসজিদ, একটি প্রাথমিক বিদ্যালয়, অতিথিশালাসহ বিশাল এলাকা।