জাতীয় সংসদে চুয়াডাঙ্গা জেলার আসন সংখ্যা ২টি থেকে ৩টিতে বৃদ্ধির দাবিতে গতকাল রবিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালন করে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংগঠনের জেলা শাখার একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস। পঠিত বক্তব্যে অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গা জেলার বর্তমান ভোটার সংখ্যা ৮ লক্ষ। তিনি প্রধান নির্বাচন কমিশনারের প্রতি দাবি করে বলেন, মোট ৮ লক্ষ ভোটার সংখ্যা বিশিষ্ট এই জেলায় অনায়াসে ৩টি জাতীয় সংসদীয় আসনে উন্নীত করা সম্ভব। সংবাদ সম্মেলন শেষে বিএনপি নেতা অহিদুল ইসলাম বিশ্বাস জেলা প্রশাসকের নিকট প্রধান নির্বাচন কমিশনার বরাবর চুয়াডাঙ্গা জেলায় মোট ৩টি জাতীয় সংসদীয় আসন ঘোষণার দাবিসম্বলিত লিখিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
