ছাতক সিমেন্ট কারখানার বিদায়ী এমডিকে দুদকে তলব

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
ছাতক সিমেন্ট কারখানার বিদায়ী এমডি আলী আক্কাছের দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের যাবতীয় রেকর্ড ও কাগজপত্র পর্যালোচনার জন্য দুদক লিখিতভাবে তলব করেছে। দুদক/সজেকা/সিলেট/১৫৪নং স্মারকে গত ৩০ জানুয়ারি দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দুর্নীতির অভিযোগে বদলিকৃত এমডি আলী আক্কাছের রেকর্ডপত্র অনুসন্ধানে ৭ ফেব্রুয়ারির মধ্যে সিলেট দুদকে সরবরাহ করার জন্য সিমেন্ট কারখানার বর্তমান এমডি প্রকৌশলী আবু সাঈদ বরাবরে প্রেরণ করেন। ২০১০ সালের ২৮ ডিসেম্বর কারখানার এমডি হিসেবে আলী আক্কাছ দায়িত্ব গ্রহণ করেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার দুর্নীতির কারণে ২০১০-১১ অর্থ বছরে কারখানার ইতিহাসে সবনিম্ন উত্পাদনের রেকর্ড সৃষ্টি হয়। বিভিন্ন দুর্নীতি, লুঠপাট ও অর্থ আত্মসাতের ঘটনায় এমডি আলী আক্কাছের বিরুদ্ধে তত্কালীন সময়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে গত বছরের ১৮ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব (বিআ) মোহাম্মদ নবী উল হক মোল্লা আলী আক্কাছের বিরুদ্ধে আনিত অভিযোগের সরেজমিন তদন্ত করেন। তদন্তে দুর্নীতি-অনিয়ম, লুঠপাট ও অর্থ আত্মসাতের সত্যতা পাওয়া গেলে গত ৭ জানুয়ারি বিসিআইসি’র কর্মচারী প্রধানের পক্ষে উপ-সহকারি প্রধান (মান-১) প্রশাসন শামীমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এমডি আলী আক্কাছকে স্ট্যান্ড রিলিজ করা হয়। বর্তমান এমডি প্রকৌশলী আবু সাঈদ দুদকের কাগজপত্র তলবের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার নথিপত্রের কিছু অংশ পাঠানো হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে পাঠানো হবে।