আক্কেলপুরে স্থানীয় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত ২০০২ সালে দলের ত্রি-কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে মোকছেদ আলী মাস্টার সভাপতি ও সৈয়দ নাজমুল হুদা ওরফে হালাকু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবার দলের শীর্ষ দুটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। তারা হলেন—সভাপতি পদে বর্তমান সভাপতি মোকছেদ আলী মাস্টার, প্রফেসর মোকছেদ আলী, হাফিজার রহমান, সাদেকুর রহমান। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা হালাকু, আনোয়ারুল ইসলাম বাবলু, রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আতিকুর রহমান মিঠু।
দলীয় নেতা-কর্মীরা জানান, শীর্ষ দুটি পদে (সভাপতি ও সাধারণ সম্পাদক) একাধিক প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সম্ভাবনা। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন স্বচ্ছ প্রক্রিয়ায় কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন। শীর্ষ দুটি পদে নির্বাচনের সম্ভাবনা থাকায় কাউন্সিলর ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কদর বেড়েছে।
