ধামরাইয়ে বিএনপির মত বিনিময়
ধামরাই সংবাদদাতা \ ধামরাইয়ে বিএনপির গণসংযোগ ও মতবিনিময় সভা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে উপজেলার রোয়াইল, সূয়াপুর, নান্নার ও সূতিপাড়া ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। ধামরাই থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রমিজুর রহমান চৌধুরী রোমা, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশীকুজ্জামান স্বপনসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেয়।
কালীগঞ্জ আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।
মাদারীপুর কুলপদ্দি স্কুলের নানা সমস্যা
মাদারীপুর প্রতিনিধি \ সদর উপজেলার কুলপদ্দি উচ্চ বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। ১৯৬৯ সালে স্থাপিত বিদ্যালয়টিতে শ্রেণি কক্ষে স্থান সংকুলান সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বহু আবেদন-নিবেদন করেও বর্তমান একতলা ভবনটিকে দ্বিতল ভবনে উন্নীত করা যায়নি।
আড়াইহাজারে শ্রমিকের শ্লীলতাহানির চেষ্টা
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে স্পিনিং মিলের এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টা করেছে বখাটেরা। চিত্কার-চেচামেচি করে বখাটের হাত থেকে রক্ষা পেল ওই শ্রমিক। শনিবার উপজেলার গোপালদী পৌরসভার গোয়াবাড়ী পুলের নিকট এই ঘটনা ঘটে। রবিবার আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোনাইমুড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সোনাইমুড়ির আমিরাবাদ বানছার বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে শনিবার সন্ধ্যায় নগদ ৭০ হাজার টাকা এবং প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।
চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চ্যানেল আইর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুর উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন।
মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজাসহ আহত হয়েছে কমপক্ষে ৮ জন। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে শুকুরেরহাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
সুনামগঞ্জে তারেক পরিষদের বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জ প্রতিনিধি \ গতকাল রবিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, এম ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেয়া ও তত্ত্বাবধায় সরকার ব্যবস্থার পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ তারেক পরিষদ।
চৌহালীতে ২৫ মত্স্যজীবীর মাঝে অর্থ প্রদান
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের চৌহালীতে আয়বর্ধক কার্যক্রমের জন্য নির্বাচিত দরিদ্র ২৫ মত্স্যজীবীর মধ্যে মত্স্য অধিদপ্তরের উদ্যোগে জনপ্রতি ৮ হাজার টাকা করে নগদ ২ লাখ টাকা প্রদান করা হয়েছে। শনিবার চৌহালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ অর্থ তুলে দেন। এসময় প্রকল্পের পিডি সিরাজুর রহমান, জেলা মত্স্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার উপস্থিত ছিলেন।
নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত সদ্দার গ্রেফতার
নাসিরনগর সংবাদদাতা \ নাসিরনগর-সরাইল সড়কে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদ্দার হিরন মোল্লাকে রবিবার উপজেলার কুণ্ডা চকবাজার এলাকা থেকে নাসিরনগর থানা পুলিশ গ্রেফতার করেছে। এসময় থানার সেকেন্ড অফিসার মো. শাহজালাল ও এসআই রফিকুল ইসলাম আহত হন। আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত হিরন নাসিরনগর উপজেলার কুণ্ডা গ্রামের রহমত আলী মোল্লার পুত্র।
বিশ্বনাথে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা\ সিলেটের বিশ্বনাথে শনিবার প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।
মনোহরগঞ্জে শিক্ষা উপকরণ চুরি
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ শনিবার রাতে কুমিল্লার মনোহরগঞ্জে আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। বিদ্যালয়ের নবনির্মিত দোতলা ভবনের গেট ভেঙ্গে প্রবেশ করে ২য় তলায় থাকা ১টি স্টিলের আলমারীর তালা ভেঙ্গে নগদ ১৯ হাজার টাকা, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
বাগমারায় প্রকাশনা উত্সব
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ ‘চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। শনিবার রাজশাহী বাগমারার সংসদ সদস্য এনামুল হকের লেখা এই গ্রন্থের মোড়ক উম্মোচন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।
আদমদীঘিতে শিক্ষক ঐক্যজোটের মতবিনিময়
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ শনিবার আদমদীঘি হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ হলরুমে উপজেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঐক্যজোটের উপজেলা সভাপতি অধ্যক্ষ অ্যাডভোকেট মোস্তফা আহম্মেদ নাইডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐক্যজোটের কেন্দ ীয় কমিটির সভাপতি অধ্যক্ষ এশারত আলী।
দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
দিরাই সংবাদদাতা\ দিরাইয়ে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ফিরোজ মিয়া (২৫) মারা যান। তার বাড়ি শাল্লা উপজেলার ভাটগাঁও গ্রামে। ফিরোজ মিয়ার পিতার নাম রফিক মিয়া।
চৌদ্দগ্রামে শিক্ষক সমাবেশ
কুমিল্লা প্রতিনিধি ও চৌদ্দগ্রাম সংবাদদাতা\ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ উপলক্ষে গত শনিবার চৌদ্দগ্রাম উপজেলা সদরে শিক্ষক সমিতি কর্তৃক শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাহের হোসেনের সভাপতিত্বে সমাবেশে রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দুই দফায় ক্ষমতায় আসার পর দেশের শিক্ষার উন্নয়নে যে সকল পদক্ষেপ নিয়েছেন তা অতীতে কোন সরকার করতে পারেনি।
ইসলামপুরে যুব ব্যবসায়ী সমাবেশ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা\ ইসলামপুরে শুক্রবার সন্ধ্যায় উচ্চ বিদ্যালয় জনতা মাঠে যুব ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই-এর পরিচালক ও দি জামালপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রেজাউল করিম রেজনু, আওয়ামী যুবলীগের কেন্দ ীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক মীর শরিফ হাসান লেনিনকে সংবর্ধনা দেয়া হয়।
নাজিরপুরে প্রধান শিক্ষিকা বরখাস্ত
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের নাজিরপুর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয় সংরক্ষিত ছুটি ঘোষণা, বিদ্যুত্সাহী সদস্যের সঙ্গে খারাপ আচরণ ও বিদ্যালয়ে গাইড বই পড়ানোর অভিযোগ এনে জেলা শিক্ষা কর্মকর্তা গত বৃহস্পতিবার এ আদেশ দেন। এ ব্যাপারে বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষিকা জানান, আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং আমার স্বামী জেলা বিএনপির রাজনীতি করেন এটাই আমার অপরাধ।
রূপগঞ্জে সিঁড়ি থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
রূপগঞ্জ সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র বোরহানউদ্দিন (১৫) শনিবার বিদ্যালয়ের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে। সে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার জিন্নাহ মিয়ার ছেলে।
কোটালীপাড়ায় সেলাই প্রশিক্ষণ সম্পন্ন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২১ দিনব্যাপী সেলাই ও ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)-এর হলরুমে ২১ দিন মেয়াদী মহিলাদের সেলাই ও বেকার যুবকদের ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
মুরাদনগর সড়কে ডাকাতি
হোমনা সংবাদদাতা\ কুমিল্লা-সিলেট সড়কের মুরাদনগর উপজেলার হিরাপুর ব্রিজে শনিবার রাতে তিনটি সিএনজি অটো রিকশায় ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে সিএনজির চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসেটসহ প্রায় দুই লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়।
ফেনী ডায়াবেটিক সমিতির সভা
পরশুরাম সংবাদদাতা\ ফেনী ডায়াবেটিক সমিতির ১৮তম বার্ষিক সাধারণ সভা শনিবার ডায়াবেটিক সমিতির লবিতে অনুষ্ঠিত হয়েছে। ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম।
ঘাটাইলে দুর্ঘটনায় ক্যাবল ব্যবসায়ী নিহত
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা\ শনিবার সড়ক দুর্ঘটনায় তানভীর চৌধুরী (৩০) নামে এক ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘাটাইল-সাগরদীঘি সড়কের কুশারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তানভীর মোটর সাইকেলযোগে সাগরদীঘি যাচ্ছিলেন। পথিমধ্যে কুশারিয়ায় বাঁক ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে তানভীরের মোটর সাইকেল ধাক্কা লাগে। তানভীরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সইলপুর গ্রামে।
পঞ্চগড়ে সম্মাননা পেলেন অধ্যাপক প্রবীর চন্দ
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা\ পঞ্চগড় বহুভূজ সাহিত্য পরিষদ কর্তৃক সম্মাননা পেলেন বহুমাতৃক লেখক বোদা পাথরাজ মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রবীর চন্দ। শনিবার পঞ্চগড় অডিটোরিয়ামে লেখক অধ্যাপক প্রবীর চন্দের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার হীরা।
ফরিদপুর বন্ধু সমাজের গুণীজন সংবর্ধনা
ফরিদপুর প্রতিনিধি\ বৃহত্তর ফরিদপুর বন্ধু সমাজের উদ্যোগে গুণী ব্যক্তিদের সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার রাতে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে অভিষেক ও মিলন মেলায় বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
যশোরে এসিড সেবনে তরুণীর মৃত্যু
যশোর অফিস\ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন এসিড সেবনে অসুস্থ তরুণী বীথি রায়ের (১৭) মৃত্যু হয়েছে। শনিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত বীথি রায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে। যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ জানান, বীথি রায় মায়ের ওপর অভিমান করে ২১ জানুয়ারি ঘরে রাখা এসিড সেবন করে।
বোচাগঞ্জে বাস চাপায় নিহত ১, আহত ১০
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ বোচাগঞ্জ-দিনাজপুর পাকা সড়কে যাত্রীবাহী দুইটি বাস বেপরোয়া ভাবে ওভারটেক করার সময় পুলহাট গোরুলগাঁও নামক স্থানে মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে বোচাগঞ্জ উপজেলার গঙ্গাপুর গ্রামের ধনকৃষ্ণ রায়ের পুত্র তারক চন্দ্র রায় (২৪) ঘটনাস্থলে নিহত হয়। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
রংপুরে কর্মসংস্থান ব্যাংকের সম্মেলন
রংপুর প্রতিনিধি \ কর্মসংস্থান ব্যাংক, রংপুর অঞ্চলের ২০টি শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের নিয়ে মাঠকর্মী ও ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার রংপুর এসোড প্রশিক্ষণ কেন্দ্র অডিটরিয়ামে। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।
