সেমিফাইনালে ওঠার যুদ্ধ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
সেমিফাইনালে ওঠার শেষ লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলো। সাতটি দলের মধ্যে দুটি দল ছাড়া বাকি কোন দলই শেষ চার নিশ্চিত করতে পারেনি। নয় ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। আর সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থাকা সিলেট রয়েলস রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে ঢাকার তুলনায় তারা এক ম্যাচ বেশি খেলে ফেলেছে। এই দুই দল বাকি ম্যাচগুলো হারলেও সেমিফাইনাল মিস করার সম্ভাবনা তেমন নেই। সেই চ্যালেঞ্জটা নিতে হবে বাকী দলগুলোকে। বাকীদের মধ্যে চিটাগাং কিংস ও দুরন্ত রাজশাহী; দু দলই দশ ম্যাচে দশ পয়েন্ট করে পেয়েছে। নেট রানরেটে এগিয়ে চিটাগাং কিংস। রংপুর রাইডার্স ১০ ম্যাচে সংগ্রহ করেছে আট পয়েন্ট। এই দল শেষ চারে যেতে পারবে যদি রাজশাহী ও চিটাগাং দু দলই বাকি দুই ম্যাচ হেরে যায়। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা গতবারের রানার্সআপ বরিশাল বার্নার্স ও খুলনা রয়েল বেঙ্গলসের জন্য শেষ চারে যাওয়ার দরজা অবশ্য বন্ধ হয়ে গেছে। বরিশাল নয় ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে রয়েছে ছয় নম্বরে। আর নেট রানরেটে পেছনে থাকায় সবার নিচে অবস্থান করছে খুলনা। একদিন বিরতির পর আজ বিপিএলের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে। দুপুর সাড়ে তিনটায় ঢাকা গ্ল্যাডিয়েটরস মুখোমুখি হবে খুলনা রয়েল বেঙ্গলসের। আর সন্ধ্যা সাড়ে সাতটায় খেলবে দুরন্ত রাজশাহী ও রংপুর রাইডার্স। সেমিতে যেতে হলে ঢাকা ও রাজশাহীকে আজকের ম্যাচটি জিততে হবে। লড়াইয়ে নিজেদের সামিল করতে হলে রংপুরকেও জিততে হবে রাজশাহীর বিরুদ্ধে। বিপিএলের সেমিফাইনাল শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। আজকের খেলা: ঢাকা গ্ল্যাডিয়েটরস-খুলনা রয়েল বেঙ্গলস, বিকাল সাড়ে তিনটা দুরন্ত রাজশাহী- রংপুর রাইডার্স, সন্ধ্যা সাড়ে সাতটা বিপিএলের পয়েন্ট তালিকা দল ম্যাচ জয় পরা: পয়েন্ট ঢাকা গ্ল্যাডিয়েটরস ৯ ৭ ২ ১৪ সিলেট রয়েলস ১০ ৭ ৩ ১৪ চিটাগাং কিংস ১০ ৫ ৫ ১০ দুরন্ত রাজশাহী ১০ ৫ ৫ ১০ রংপুর রাইডার্স ১০ ৪ ৬ ৮ বরিশাল বার্নার্স ৯ ৩ ৬ ৬ খুলনা রয়েল বেঙ্গলস ১০ ৩ ৭ ৬