পিএসএল স্থগিত হওয়ায় ক্ষুব্ধ পাক ক্রিকেটাররা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০২
অনেক ঢাকাঢোল বাজানো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-২০ টুর্নামেন্ট হঠাত্ করে স্থগিত করার সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বার্ড (পিসিবি) কর্তৃক বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে না দেয়া খেলোয়াড়দের মধ্যে যেন এ হতাশাটা আরো বেশি। পিসিবির অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্তের সময়ই ভিতরে ভিতরে তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছিলেন। গত জানুয়ারি মাসে শুরু হওয়া বিপিএলর দ্বিতীয় আসরে পাকিস্তানি খেলোয়াড়দের কেনার জন্য বিপুল অংকের বাজেট বরাদ্দ রেখেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে ডাক পাওয়া প্রায় তিন ডজন খেলোয়াড় যাদের মধ্যে অনেকেই তারকা খেলোয়াড় ছিলেন। কিন্তু পিসিবি তাদের খেলার অনুমতি দেয়নি। নিরাপত্তা শংকার কারণে গত জানুয়ারি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের দল পাকিস্তান না পাঠানোর প্রতিশোধ হিসেবে পিসিবি এমন সিদ্ধান্ত নেয়। শীর্ষ একজন খেলোয়াড় পিসিবির কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আমাদের রোজগারের একটা পথ বন্ধ করা হলো—এখন কি হবে? পিএসএল-এর মাধ্যমে আমাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেয়া হবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু এখন কেবল খোদাতালাই জানেন কবে এ পিএসএল অনুষ্ঠিত হবে। ক্রিকেটারদের সাধারণ প্রতিক্রিয়া ছিল বিপিএল-এ অংশ নিতে দেয়া এবং কিছু অর্থ রোজগারের সুযোগ দেয়া উচিত ছিল পিসিবির। বিপিএল-এ ‘অনুমতি দিতে অস্বীকৃতি জানানোর পর পিএসএল-এর মাধ্যমে আমাদের ক্ষতি পুষিয়ে দেয়া হবে বলে বোর্ড ইঙ্গিত দিয়েছিল’ বলে উল্লে¬খ করেন এক খেলোয়াড়।’ পাকিস্তান দলে খেলা অধিকাংশ খেলোয়াড় সংগত কারণেই নাম প্রকাশে অস্বীকার করে জানান, দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বোর্ড ঘোষিত মার্চ-এপ্রিলে পিএসএল অনুষ্ঠিত হবে কিনা প্রথম থেকেই সন্দেহ ছিল। অপর এক খেলোয়াড় বলেন, ‘পিএসএল আয়োজন করতে পারবে কিসের ভিত্তিতে বোর্ড নিশ্চিত ছিল আমি জানি না।’ ২ লাখ ৮০ হাজার-তিন লাখ ডলার পর্যন্ত আয় করতে পারতো এমনও অনেক খেলোয়াড়কে বিপিএল-এ খেলার অনুমতি দেয়নি পিসিবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজি করাতে ব্যর্থ হওয়ার জন্য পিসিবির সমালোচনা করেন আরেক খেলোয়াড়। —বাসস/পিটিআই