মহিলা ক্রিকেট বিশ্বকাপ

ফাইনালে অস্ট্রেলিয়া

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
পর পর ৫ ম্যাচে জয়ের মাধ্যমে প্রমীলা বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মহিলা দল। রবিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার সিক্স পর্বের ম্যাচে তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। ২৭.৪ ওভার হাতে রেখেই দলটি পৌঁছে যায় জয়ের বন্দরে। টস জিতে লংকানদের হাতে ব্যাট তুলে দিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং সাজায় অসি অধিনায়ক জোডি ফিল্ডস। এতে ভালই প্রতিদান দিয়েছেন তাদের ছয় বোলার। ৪৫.২ ওভারে ১৩১ রান সংগ্রহ করতেই সবক’টি উইকেট হারায় শ্রীলংকা। মাত্র ২২.২ ওভারেই এক উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। হেইন্স ৬১ বলে ৭১ ও ক্যামেরন ৩৭ বলে ২২ রান সংগ্রহ করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এদিকে কটকের বারবাতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন এখনো জিইয়ে রেখেছে ইংল্যান্ড। ইংলিশ দলের জয়ের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মিডিয়াম পেসার এনয়া সরুবসলে। তিনি একাই ধসিয়ে দেন প্রেটিয়াসদের টপ অর্ডার ব্যাটিং লাইন। ১৮ রান দিয়ে তিনি তুলে নেন ৪ উইকেট। টসের বিপরীতে প্রথমে ব্যাটিং পেয়ে দক্ষিণ আফ্রিকা ২৯.৩ ওভারে ৭৭ রান তুলতেই হারায় সবক’টি উইকেট। জবাবে ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহের মাধ্যমে জয় নিশ্চিত করে ইংলিশরা।—বাসস