শুরু হচ্ছে স্টুডেন্ট পার্লামেন্ট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৪
ক্যাম্পাস পার্লামেন্টের পর এবারে তারই ধারাবাহিকতা নিয়ে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির ধারাবাহিক বিতর্ক আয়োজনের অংশ হিসেবে হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় আবারও শুরু হতে যাচ্ছে সংসদীয় আদলে ছায়া সংসদ ‘স্টুডেন্ট পার্লামেন্ট’। ‘যুক্তির আরশিতে বিম্বিত হোক আগামীর সংসদ’ এই স্লোগানে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি। এ উপলক্ষে গতকাল এটিএন বাংলার কার্যালয়ে প্রতিযোগিতার সার্বিক আয়োজন সম্পর্কে জানাতে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান, হাসান আহমেদ চৌধুরী কিরণসহ আরও অনেকে। প্রতিযোগিতার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘এই ছায়া সংসদের মধ্য দিয়ে তরুণ ভোটারসহ সকলে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যুক্তির চেতনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।’ প্রতিযোগিতার প্রযোজনার দায়িত্ব পালন করবেন এটিএন বাংলার উর্ধ্বতন প্রযোজক শম্পা মাহমুদ।