অনুষ্ঠিত হলো ৫৫তম গ্র্যামি অ্যাওয়ার্ড

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৪
অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান গ্র্যামি। গত ১০ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে গ্র্যামির ৫৫তম আসর অনুষ্ঠিত হয়েছে। এ আসরে আজীবন সম্মাননা পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ সদ্যপ্রয়াত পণ্ডিত রবিশঙ্কর। বেস্ট ওয়ার্ল্ড পুরস্কার গ্রহণ করেছেন তার মেয়ে আনুশকা শঙ্কর। একই বিভাগে মনোনীত হয়েছিলেন আনুশকা। এবারে ৮০টিরও বেশি বিভাগে গ্র্যামি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে সিবিএস টিভি। এবারের আয়োজনে গ্র্যামির মূল বিভাগগুলোতে সাফল্য দেখিয়েছে মার্কিন পপ ব্যান্ড ফান, ব্রিটিশ রক ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্স, মার্কিন রক ব্যান্ড দ্য ব্ল্যাক কিস এবং বেলিজিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলীয় সংগীতশিল্পী গোটাই। বছরের সেরা গান নির্বাচিত হয়েছে ফান ব্যান্ডের ‘উই আর ইয়ং’, বেস্ট নিউ আর্টিস্ট বিভাগেও পুরস্কৃত হয়েছে এই ব্যান্ডটি। রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে গ্র্যামি পেয়েছে গোটাইয়ের ‘সামবডি দ্যাট আই ইউজড টু নো’। এবার মোট তিনটি গ্র্যামি পুরস্কার পেয়েছেন অস্ট্রেলীয় এ শিল্পী। ‘ব্যাবেল’ অ্যালবামের জন্য বছরের সেরা অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছে ব্রিটিশ রক ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্স। বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম বিভাগে পুরস্কৃত হয়েছে স্যার পল ম্যাকার্টনির ‘কিসেস অন দ্য বটম’। মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে ব্যান্ড দ্য ব্ল্যাক কিস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মার্কিন র্যাপ সংগীতশিল্পী এলএলকুজে। জাঁকজমকপূর্ণ এই আসরে পারফর্ম করেছেন—টেইলর সুইফট, বব মার্লের ছেলে জিগি মার্লে, ব্রুনো মার্স, রিহান্না, স্যার এলটন জন, জাস্টিন টিম্বারলেক, অ্যালিসিয়া কিসসহ আরও অনেকে।