সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর সবধরনের বৈদেশিক লেনদেন মনিটরিং করতে ড্যাশবোর্ড চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে ব্যাংকগুলোকে অনলাইনে তাদের তথ্য জমা দিবে এবং কেন্দ্রীয় ব্যাংক তাত্ক্ষণিকভাবে আমদানি-রফতানি, রেমিট্যান্সসহ সকল বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য জানতে পারবে। ফলে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট ও অন-সাইট সুপারভিশনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং ও সুপারভিশন আরো বেশি কার্যকর হবে। শুধু কেন্দ্রীয় ব্যাংকই নয় এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোও তাদের নিজ নিজ শাখাগুলো মনিটর ও সুপারভাইজ করতে পারবে। একইসঙ্গে লেনদেনে জাল-জালিয়াতি বহুলাংশে কমে যাবে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ‘ বৈদেশিক লেনদেন মনিটরিং এর জন্য ড্যাশবোর্ড’ মূলতঃ চারটি অন-লাইন রিপোর্টিং মডিউলের সমন্বয়। চারটি মডিউল হলো, এক্সপোর্ট মনিটরিং সিস্টেম, ইমপোর্ট মনিটরিং সিস্টেম, আউটওয়ার্ড রেমিট্যান্স মনিটরিং সিস্টেম এবং ইনওয়ার্ড এন্ড ওয়েজ আর্নার্স রেমিট্যান্স সিস্টেম। এর মধ্যে প্রথমটি গতবছরের পহেলা নভেম্বর এবং বাকি তিনটি চলতি বছরের শুরুর দিন থেকে চালু হয়েছে। এ চারটি মডিউলসহ ড্যাশবোর্ড বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তৈরি করা সফট্ওয়্যার। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে ড্যাশবোর্ডের উদ্বোধন করবেন গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে ড্যাশবোর্ডের মাধ্যমে যেসব কাজ করা হবে তার একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হবে।
