আফগানিস্তানে নেটোর বিদায়ী কমান্ডার জেনারেল জন অ্যালেন বলেছেন, নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) আফগান যুদ্ধ জয়ের পথে রয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। বিদ্রোহী তত্পরতার বিরুদ্ধে যুদ্ধে সেনারা অনেকদূর এগিয়েছে বলে মন্তব্য করেন তিনি। রোববার তার জায়গায় স্থলাভিষিক্ত হন জেনারেল জোসেফ ডানফোর্ড। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কিছু সময় লেগেছে এবং সন্ত্রাসী তত্পরতার রাশ টেনে ধরা কঠিন একথা স্বীকার করে নিলেও অ্যালেন বিবিসিকে বলেন, “আজ আমরাই জিতেছি। শাসন পরিচালনা এবং অর্থনৈতিক সমৃদ্ধির যে পরিবেশ বিরাজ করলে বিদ্রোহী তত্পরতার বিরুদ্ধে জয় হয়েছে বলা যায় সে পরিবেশ সৃষ্টির পথে আমরা অনেকদূর এগিয়েছি। আর তাই আমরা যুদ্ধ জয়ের পথে রয়েছি বলেই আমি মনে করি।” তাছাড়া, আফগান নিরাপত্তা বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, তারা(আফগান বাহিনী) জনগণকে সুরক্ষা দিচ্ছে এবং সরকারকে তাদের নাগরিকদের রক্ষায় সক্ষম করে তুলছে।
