বিশ্বের সর্ববৃহত্ লোনাপানির কুমিরটি মারা গেছে। ফিলিপাইনে আটক এই ২১ ফুট দৈর্ঘ্যের এই কুমিরটির ওজন ছিল ১ হাজার কেজি। কুমিরটি বেশ কিছুদিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছিল এবং এর পেট ফুলে গিয়েছিল বলে জানা যায়।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
২০১১ সালের সেপ্টেম্বরে কুমিরটি ধরা পড়ে। এটি অন্ততপক্ষে একটি মানুষকে হত্যা করেছে। ধরা পড়ার পর কুমিরটি পরিবেশ পর্যটনের অন্যতম আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়। বিশ্বে আটক কুমিরগুলোর মধ্যে এটিই সর্ববৃহত্ বলে গত বছর আনুষ্ঠানিকভাবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড নথিভুক্ত করে। লোলং নাম পাওয়া কুমিরটি ফিলিপাইনের বুনাওয়ান শহরের জলাশয়ে ডজনেরও বেশি শিকারির অংশগ্রহণে পরিচালিত তিন সপ্তাহের অভিযানে ধরা পড়ে।
২১ ফুট লম্বা এই কুমিরটি ধরা পড়ার পর শহরটিতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। বুনাওয়ান শহরের মেয়র এডউইন ইলোরদে জানিয়েছেন, ‘গত মাস থেকেই কুমিরটি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিল। তার মুখের রং পরিবর্তিত হয়ে গিয়েছিল। বিষয়টি আমরা লক্ষ্য করি এবং এই ব্যাপারে পদক্ষেপও নেয়া হয়।’
