তিউনিসিয়ায় রাজনৈতিক অচলাবস্থা কাটছে না। সরকারের মধ্যে বিভাজন ক্রমেই বাড়ছে। সংকট নিরসনে প্রধানমন্ত্রী হামাদি জেবালির নতুন প্রশাসন গঠন নিয়ে খোদ তার দলেই বিরোধিতা দেখা দিয়েছে। রবিবার সরকার থেকে তিন মন্ত্রীকে প্রত্যাহার করে নিয়েছে প্রেসিডেন্ট মোনসেফ মারজুকির ধর্মরিপেক্ষ দল কংগ্রেস ফর দ্য রিপাবলিক পার্টি। এরপরও সেখানকার পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। গত সপ্তাহে বিরোধী দলীয় নেতার হত্যার পর পরিস্থিতি রাজনৈতিক সহিংসতায় মোড় নেয়। এরই ধারাবাহিকতায় বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিরোধী নেতা চোকরি বেলাইদের হত্যাকান্ডের প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভে এমনিতেই বিপাকে ছিলেন প্রধানমন্ত্রী হামাদি জেবালি। তার উপর সরকারের মধ্যে নতুন এই বিভাজন প্রধানমন্ত্রীর জন্য আরেকটি ধাক্কা বলে মনে করছেন অনেকেই। কংগ্রেস ফর দ্য রিপাবলিক পার্টির কর্মকর্তা সামির বেন আমর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এক সপ্তাহ ধরে বলে আসছি যে, পররাষ্ট্র এবং বিচারমন্ত্রীকে যদি পরিবর্তন করা না হয়, তাহলে আমরা সরকার থেকে বেরিয়ে আসবো। আর তারই ধারাবাহিকতায় ওই তিন মন্ত্রী সরে এসেছেন। মন্ত্রী প্রত্যাহার করা ছাড়াও প্রধানমন্ত্রীর নতুন সরকার গঠনের প্রস্তাবেরও সমালোচনা করেছে দলটি। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েই নতুন টেকনোক্রেট সরকার গঠন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হামাদি জেবালি। তার এ পরিকল্পনা ব্যর্থ হলে পদত্যাগ করার হুমকিও দিয়েছেন তিনি।
