আদালতে প্রেসিডেন্ট প্রার্থী
নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে আন্তর্জাতিক অপরাধ আদালতে কেনিয়ার প্রেসিডেন্ট প্রার্থী উহুর কেনিয়াতা তার বিরুদ্ধে গঠিত মানবতাবিরোধী অভিযোগের শুনানি পিছিয়ে দেয়ার প্রস্তাব করেছেন। চারজন প্রধান অভিযুক্তের মধ্যে উহুর কেনিয়াতা অন্যতম। তার বিরুদ্ধে গত নির্বাচনের আগে তের’শ মানুষকে হত্যা এবং পাঁচ লাখ মানুষকে গৃহহীন করার অভিযোগ রয়েছে। এই অভিযোগ অবশ্য অস্বীকার করে আসছেন কেনিয়াতা। তার আইনজীবীরা বলছেন, এরই মধ্যে একজন সাক্ষী তার জবানবন্দি প্রত্যাহার করে নিয়েছেন। —বিবিসি
ইরানে মার্কিনবিরোধী বিক্ষোভ
ইসলামিক বিপ্লবের ৩৪তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার ইরানে মার্কিন বিক্ষোভ হয়েছে। কয়েক হাজার মানুষ মার্কিনবিরোধী মিছিল দিয়ে তেহরানে জড়ো হয়। আমেরিকার বিরুদ্ধে বিষোদগারের পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধেও বিক্ষোভ করেছে। রবিবার সকালেই তেহরানের আজাদ স্কোয়ারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খোমেইনি ইরানের জাতীয় ও বিপ্লবী পতাকা উত্তোলন করেন। তিনি সরকারের পক্ষ থেকে দেশবাসীকে ঐদিন তেহরানে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সমাবেশে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ উপস্থিত ছিলেন।—এএফপি
নাইজেরিয়ায় তিন ডাক্তার খুন
নাইজেরিয়ার দুষ্কৃতকারীরা নৃশংসভাবে তিন বিদেশি ডাক্তারকে খুন করেছে। ঐ ডাক্তাররা সকলেই দক্ষিণ কোরিয়ার নাগরিক। ঘটনাটি ঘটেছে দেশটির উত্তর প্রান্তের রাজ্য রোব-এ। পোটিশকুম শহরের পুলিশ কমিশনার জানান, দুষ্কৃতকারীরা ডাক্তারদের বাসভবনে ঢুকে হামলা চালায়। তারা ঐ তিন ডাক্তারের কণ্ঠনালী কেটে ফেলে। ডাক্তাররা ঐ শহরের একটি হাসপাতালে চাকরি করতেন। তবে কোন সন্ত্রাসীগোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। গত সপ্তাহে এ অঞ্চলে খুন হয় নয়জন পোলিও কর্মী।—পিটিআই
কম্বোডিয়ায় পর্যটক খুন
কম্বোডিয়ার পুলিশ এক ফরাসী পর্যটকের হত্যার তদন্ত শুরু করেছে। একটি নদীতে ২৫ বছর বয়সী ঐ মহিলার বিবস্ত্র মৃতদেহ পাওয়ার পর এই তদন্ত শুরু হয়েছে। সোমবার চিভার প্রাদেশিক পুলিশের উপ-প্রধান বলেন, রবিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাম্পোতে ঐ মহিলার লাশ পাওয়া যায়। শনিবার তাকে সর্বশেষ একটি বাইসাইকেলে চড়ে তার গেস্ট হাউস থেকে বেরুতে দেখা যায়। ফরাসী দূতাবাস জানিয়েছে, ঐ মহিলার পরিবারের সদস্যদের কাছে তার মৃত্যুর খবর পাঠানো হয়েছে। —এএফপি
