কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানার ওসিকে হাইকোর্টে তলব

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৮
মৌলভীবাজারের চা বাগানে এক কিশোরীর গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরে বিলম্বের কারণ ব্যাখ্যা দিতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছে হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে তাদের এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। গত শুক্রবার রাতে কমলগঞ্জ থানায় একটি চা বাগানে ১২ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হন। ওই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি মর্মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী হিরালাল সরকার। আবেদনের শুনানিকালে হাইকোর্ট এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়েছে কিনা- সে ব্যাপারে ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদারকে খোঁজ নিতে বলেন। সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে কথা বলে অ্যাডভোকেট অমিত তালুকদার আদালতকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এ পর্যায়ে আদালত বলেন, ঘটনা ঘটার পরপরই কেন মামলা দায়ের করা হলো না। এটা তো আমলযোগ্য অপরাধ। মামলা দায়েরে কেন বিলম্ব হলো? এরপরই আদালত ওই দুই থানার ওসিকে তলব করে আদেশ দেন।