হেরে গেলেন নাদাল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
দীর্ঘ সাত মাস ইঞ্জুরির সঙ্গে লড়াই করে মাঠে ফিরে শুরুটা ভালো করলেও প্রথম টুর্নামেন্টের শিরোপা স্পর্শ করতে পারলেন না টেনিস তারকা স্পেনের রাফায়েল নাদাল। ৪,১০,২০০ ডলারের এটিপি ইভেন্টের ফাইনালে অখ্যাত আর্জেন্টিনার হুয়াসিও জেবালসের কাছে পরাজিত হন ক্লে কোর্টের রাজা হিসাবে খ্যাত নাদাল। খেলোয়াড়ী জীবনে এটিপি ইভেন্টের কেবলমাত্র দ্বিতীয়বার ফাইনাল খেলতে নেমে বিশ্বের ৭৩তম বাছাই খেলোয়াড় জেবালস ৬-৭ (২/৭), ৭-৬ (৮/৬), ৬-৪ গেমে পরাজিত করেন বিশ্বের সাবেক এক নম্বর নাদালকে। ক্লে কোর্টের কোন ফাইনালে ইতিপূর্বে কেবলমাত্র দুইজন নোভাক জকোভিচ ও রজার ফেদেরারই পেরেছেন নাদালকে পরাজিত করতে। আর তৃতীয় খেলোয়াড় হিসাবে এ কৃতিত্ব অর্জন করলেন আর্জেন্টাইন জেবালস। ম্যাচ শেষে জেবালস বলেন, ‘এটা আমার জন্য একটা স্বপ্ন। ফাইনালে নাদালের বিরুদ্ধে খেলতে পারাটাই ছিল আমার জন্য অনেক বড় কিছু। এই স্মৃতি বাকি জীবন আমর স্মরণে থাকবে।’ গত জুন মাসে অপ্রত্যাশিতভাবে উইম্বলডন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর এ সপ্তাহেই প্রথম মাঠে ফিরলেন নাদাল। বর্তমানে বিশ্বের পাঁচ নম্বরে থাকা ১১ বার গ্র্যান্ডস্ল্য¬াম শিরোপা জয়ী নাদাল শীর্ষ বাছাই হয়ে এ টুর্নামেন্ট শুরু করেন এবং ফাইনাল পর্যন্ত পৌঁছাতে কেবলমাত্র ১৪ গেমে পরাজিত হন। নাদাল বলেন, ‘আমার জন্য এটা অনেক বড় টুর্নামেন্ট ছিল। সবদিক বিবেচনা করলে এটা ইতিবাচকই ছিল।’ তিনি আরো বলেন, ‘এটা সত্যি যে, ফাইনালে আমি জিততে চেয়েছিলাম; কিন্তু তা সম্ভব ছিল না। সে আমার চেয়ে তুলনামূলক ভালো খেলেছে এবং আমি আমার সেরাটা খেলতে পারিনি।’ এই মুহূর্তে তার নিজের কঠোর পরিশ্রম, অনুশীলন, একাগ্রতা এবং সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে মন্তব্য করেন নাদাল। সবশেষে তিনি বলেন, ‘শুরু করতে পারাটাই আমার জন্য অনেক বড় কিছু।’—বাসস/এএফপি