রান সংখ্যার বিচারে অনেক আগেই পেছনে ফেলেছেন দলের বাকি সবাইকে। আর উইকেটের বিচারে সামনে আছেন কেবল একজন। টানা দু’বার নির্বাচিত হয়েছেন আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার। তিনি ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের অলরাউন্ডার স্টেফানি টেইলর। মাত্র ২১ বছর বয়সেই ক্যারিবিয়ানের সবার জন্য হয়ে উঠেছেন এক রোল মডেল। আর এ ব্যাপারটা উপভোগও করেন তিনি। স্টেফানির ভাষায়, ‘দায়িত্ব কখনো কখনো আপনার জন্য বেশ ইতিবাচক হবে। এটা আপনাকে আরো ভাল একজন মানুষে পরিণত হতে সাহায্য করবে’। চলমান মহিলা বিশ্বকাপেও আছেন দারুণ ফর্মে। তার অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করেই গতকাল সোমবার ক্যারিবিয়রা ৪৯ রানে হারায় নিউজিল্যান্ডকে। ব্যাট হাতে ৪৯ রানের পাশাপাশি বল হাতেও ২৬ রানে দুই উইকেট নিয়েছেন তিনি ।
