নেপালে অনুষ্ঠিতব্য এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের জন্য ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ আসবেন কিনা তা গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ)। এরা না আসলে বাফুফে সভাপতি এবার এক বেলজীয় কোচকে আনার লক্ষ্য স্থির করেছেন।
ডাচ কোচের এজেন্টের কাছ থেকে তাদের ঢাকায় আসা না আসার বিষয়টি গতকালই জানিয়ে দেয়ার কথা ছিল বাফুফেকে। কোচদের সিদ্ধান্ত যাই হোক না কেন, আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে বাফুফে নিজেদের অবস্থান জানিয়ে দেবে। গতকাল দুপুরে এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
চ্যালেঞ্জ কাপ ফুটবলের দায়িত্ব গ্রহণ করতে ডাচ কোচরা বাফুফেকে যেসব নতুন শর্ত দিয়েছিল তার কিছু মেনে নিয়েই বাফুফে তাদের আনতে চায় বলে আভাস পাওয়া গেছে। আর্থিক বিষয়টিকে কঠিন কিছু মনে করছে না বাফুফে। কিন্তু চুক্তি বাতিলের ব্যাপারে কোচদের একতরফা স্বাধীনতা, লুডভিক ডি ক্রুইফ আসতে না পারলে সহকারী কোচ রেনে কেস্তার আসা, এমনকি দু’জনেই আসতে পারেন সেক্ষেত্রে ওই দেশ থেকে তৃতীয় কোনো কোচ পাঠানোর অদ্ভুত সব শর্তের ব্যাপারে বাফুফের অবস্থান গতকালই ডাচ কোচদের জানিয়ে দেয়া হয়েছে। বাফুফে সভাপতি আভাস দিয়েছেন শর্ত শিথিল করে ডাচ কোচরা আসতে পারেন। তাদের কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তিনি। ডাচরা আসুক না আসুক, বাফুফের হাতে রয়েছে আরেকজন বিদেশি কোচের খবর। তিনি বেলজীয় টম সেইন্টফিয়েট। বাংলাদেশের ফুটবল দলের সাথে কাজ করতে রাজি তিনি। ইয়েমেনের কোচ ছিলেন ২০১২ সালে। বাফুফে সংশ্লিষ্টরা ইন্টারনেট ঘেঁটে জানাচ্ছেন এই বেলজীয়র প্রোফাইল ডাচ কোচের চেয়েও ভাল। তিনি নামিবিয়া, ইথিওপিয়া ও জিম্বাবুয়ে ফুটবল দলের কোচ ছিলেন। ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, ফিনল্যান্ডের বিভিন্ন ফুটবল দল নিয়েও কাজ করেছেন তিনি।
বেলজীয় কোচটির বিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি। সে কারণে এর দুই দিন পর ১৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব গ্রহণ করতে রাজি আছেন ৩৯ বছর বয়সের সাবেক এই মিডফিল্ডার টম সেইন্টফিয়েট। কিন্তু বাফুফে বেলজিয়ান কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। ডাচ কোচরা যদি শর্ত শিথিল করে না আসতে চান তবেই বিকল্প কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। জানা গেছে, চ্যালেঞ্জ কাপ ফুটবলেই বাংলাদেশ দলে বিদেশি কোচ দেখা যেতে পারে। একান্তই বিদেশি কাউকে আনা না গেলে আবাহনীর ইরানি কোচ অথবা শেখ জামালের কোচ নাইজেরিয়ান কোচকেও জাতীয় দলে খণ্ডকালিন দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে।
