সাতটি বিভাগ নিয়ে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় মহিলা ক্রিকেট লিগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ও বিভাগীয় জেলা স্টেডিয়ামে ২২ দিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী ও বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ।
গত ৫ ফেব্রুয়ারি জাতীয় লিগ শুরু হওয়ার কথা থাকলেও ভেন্যু জটিলতার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে রাজশাহীতে ষষ্ঠ জাতীয় মহিলা ক্রিকেট লিগ শুরু হচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার রাখা হয়েছে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ পুরস্কার রাখা হয়েছে ২৫ হাজার টাকা। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
অংশগ্রহণকারী সাতটি বিভাগীয় দল: ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগ।
