দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে ইরফানের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
টেস্টে অভিষেক পাওয়ার দাবি আরো একধাপ জোরালো করলেন পাকিস্তানের দীর্ঘদেহী সিমার মোহাম্মদ ইরফান। সাত ফুট এক ইঞ্চি লম্বা দক্ষিণ আফ্রিকা সফররত পাকিস্তান দলের প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে বিরতি রয়েছে দশ দিনের। এরই মধ্যে অনুষ্ঠিত হয় দুইদিনের একটি অনুশীলন ম্যাচ। ইমার্জিং কেপ কোবরার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ইরফান সংগ্রহ করেন সাত উইকেট। প্রাদেশিক দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি সফরকারী দলের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ৫৮.৫ ওভারে ১৫৬ রান তুলতেই হারায় সবক’টি উইকেট। ২০ রানের বিনিময়ে ইরফানের চার উইকেট ছাড়াও সতীর্থ আবদুর রেহমান ৩১ রানে তিনটি ও রাহাত আলী ২৭ রানে দুটি উইকেট লাভ করেন। দ্বিতীয় ইনিংসে তারা ২৯ ওভারে হারায় সবক’টি উইকেট। বিনিময়ে ৭৮ রান তুলতে সক্ষম হয়।দ্বিতীয় ইনিংসে ২০ রান দিয়ে ইরফান সংগ্রহ করেন আরো তিনটি উইকেট। দু’টি করে উইকেট নেন তানভির আহমেদ, এহসান আদিল ও আবদুর রেহমান। -বাসস