অন্যভাবে ভাবছে পিসিবি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশেষে বুঝতে পেরেছে, দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন সবার কাছে তুলে ধরার বিকল্প নেই। তাই তারা এখন ক্রিকেট কূটনীতির পাশাপাশি নিজেদের দেশে নিরাপত্তা পরিস্থিতি যে ভালো, এটা আন্তর্জাতিক মহলে তুলে ধরার একটা চেষ্টা চালাচ্ছে। বার্তা সংস্থাগুলোর ভাষ্যমতে, খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও টেস্ট খেলুড়ে বোর্ড সদস্যদের সামনে দেশের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের একটি বিশ্বস্ত সূত্রে জানিয়েছে, আইসিসি এবং বোর্ড সদস্যদের কাছে এ উপস্থাপনা প্রস্তুত করতে আই এস আই এবং কাউন্টার টেরোরিজম বিশেষজ্ঞ সেনাবাহিনীর একজন সদস্যকে নিযুক্ত করেছে পিসিবি। সূত্রের ভাষ্যমতে, ‘শেষ পর্যন্ত দেখা গেছে আইসিসি এবং বোর্ড সদস্য দেশগুলো পাকিস্তানের নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট নয়। সেই সন্তুষ্টি না পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক কোন দল কিংবা খেলোয়াড় কখনো পাকিস্তানে আসবে না। তাই পিসিবি নিরাপত্তা উইংয়ের সাথে এখন কর্নেল আজম এ বিষয়ে কাজ করছেন।’ আইসিসি ও বোর্ড সদস্য দেশগুলোর সামনে নিরাপত্তা বিষয়ে গৃহীত পুরো বিষয়ে উপস্থাপনার জন্য কর্নেল আজমকে একটা ধারণা দেয়া হয়েছে বলেও জানায় সূত্রটি। সদ্য স্থগিত ঘোষণাকৃত পাকিস্তান সুপার লীগ (পিএমএল) আয়োজন করতে গিয়ে বিভিন্ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে পিসিবি নিশ্চিত হয়েছে যে, বিশ্ব সম্প্রদায়কে পাকিস্তান সফরে রাজি করাতে এখনো অনেক কিছু করতে হবে।