হটস্পট ও আম্পায়ার ডেভিসকে চায় না পাকিস্তান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
দক্ষিণ আফ্রিকায় চলমান টেস্ট সিরিজে বল ট্র্যাকিং প্রযুক্তি হটস্পট ব্যবহারের বিরোধিতা করেছে পাকিস্তান। এছাড়া আম্পায়ার হিসাবে স্টিভ ডেভিসের নিয়োগের বিরোধিতাও করেছে দলটি। দৈনিক ‘এক্সপ্রেস’ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হটস্পট প্রযুক্তি ব্যবহারের উল্লেখ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি চিঠি লিখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রিপোর্টে বলা হয়, ‘সিরিজে হটস্পট প্রযুক্তি ব্যবহার এবং আম্পায়ার ডেভিস স্টিভের নিয়োগ বিষয়ে আইসিসিকে একটি চিঠি দিয়েছে পিসিবি।’ জোহানেসবার্গের প্রথম টেস্টে থার্ড আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন ডেভিস এবং রেফারেল ডিসিশনের অনেক সিদ্ধান্ত পাকিস্তানের বিরুদ্ধে গেছে। হটস্পট প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ রেফারেল বিচার করা হয়েছিল। রিপোর্টে আরো বলা হয়, ‘টিম ম্যানেজমেন্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা চায় না আইসিসি সিরিজে আর ডেভিসকে নিয়োগ করুক এবং সিরিজের বাকি ম্যাচগুলো থেকে হটস্পট টেকনোলজি বাদ দিতে হবে।’ সিরিজে আর হটস্পট প্রযুক্তি ব্যবহার করা হবে না —তা নিশ্চিত করতে আইসিসির সঙ্গে পিসিবি ইতোমধ্যে কথাও বলেছে। তবে শেষ খবর জানা পর্যন্ত আইসিসি তাদের চিঠির কোনো জবাব দেয়নি বলে উল্লেখ করা হয় রিপোর্টে। রিপোর্টে আরো উল্লেখ করা হয়, প্রথম টেস্টে সিদ্ধান্তগুলো যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে গেছে তা নিয়ে অসন্তুষ্ট পিসিবি এবং তারা আইসিসিকে বলেছে, ‘হটস্পট প্রযুক্তি পুরোপুরি নির্ভরযোগ্য নয় বলে তারা মনে করছেন।’ তবে চিঠিতে পিসিবি এটাও পরিষ্কার করেছে যে, এই সিরিজে এখনো তারা ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) সমর্থন করে, তবে হটস্পট নয়।—বাসস