দরিদ্রতা, ভয়-ভীতি, লোকলজ্জা, প্রতিবন্ধকতাসহ সকল প্রতিকূলতা জয় করে কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধী রতন মধু। কোন বাধাই তাকে হার মানাতে পারেনি। বিকলাঙ্গ এই ছেলেটির দুটি হাত স্বাভাবিক নয়। দুই হাতে তার একটি আঙ্গুলও নেই। ২০১২ সালে বিদ্যুতায়িত হয়ে তার হাত দুইটির সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। আর সে থেকে শুরু হয় তার জীবনের নতুন করে বেঁচে থাকার লড়াই। আঙ্গুলবিহীন হাতের অংশ ও মুখ দিয়েই লেখার কাজ দ্রুত চালিয়ে যায় রতন। অন্য কোনদিকে না তাকিয়ে প্রশ্নের উত্তর লিখে চলেছে । মাঝে মাঝে দাঁড়িয়ে লিখতে হচ্ছে তাকে প্রশ্নের উত্তর। তার এই মনোযোগ ও মনোবল সবার দৃষ্টি কেড়েছে। সে উপজেলার শুয়াগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ভাল ফল করেছিল। তার বাবা নিখিল মধু অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার টিকিয়ে রেখেছে কোন রকম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস বলেন,রতন মধু তার বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। শিক্ষা বোর্ডে তার জন্য রাইটার নিয়োগ করার আবেদন করলে ৮ম শ্রেণীর একজন ছাত্রকে নিয়োগ করার কথা বলে। এতে রতন রাজি না হয়ে নিজেই পরীক্ষায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং সে মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে বলে প্রধান শিক্ষক জানান। তিনি বলেন, আমরা আশা করছি তার পরীক্ষার ফল ভাল হবে। সে সকলের সহযোগিতা পেলে বড় হয়ে উঠবে।
