আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হকের অপসারণের দাবিতে গত রবিবার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় মহাসড়কের দু’ধারে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ছিল তারা। ২৪ ঘন্টার মধ্যে ওসির অপসারণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতা-কর্মীরা।
জানা গেছে, জমি সংক্রান্তের বিরোধের জের ধরে গত শুক্রবার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের হাতে আহত হন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া। মারধরের এক পর্যায়ে স্থানীয় লোকজন স্থানীয় বিএনপি কর্মী রিপন ও রফিকুলকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশে সোপর্দ করে। কিছুক্ষণ পর মামলা করার জন্য আহতের পরিবার থানায় এসে দেখতে পান আটককৃত দু’জনকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সরকারদলীয় নেতা-কর্মীরা। এ ঘটনার প্রেক্ষিতে নেতা-কর্মীরা রবিবার দুর্নীতিবাজ ও ঘুষখোর ওসির অপসারণের দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
