মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এক চিকিত্সককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতার করার দাবিতে বিএমএ মৌলভীবাজার জেলা শাখা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বহির্বিভাগে কর্মবিরতি পালন করছেন চিকিত্সকরা। ফলে চিকিত্সা নিতে আসা রোগীরা পড়েছেন বিপাকে।
মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের বহির্বিভাগে কর্মরত সকল চিকিত্সক রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী র্কমবিরতি পালন করছেন। বিএমএ নেতৃবৃন্দ জানিয়েছেন, গত ১৬ জানুয়ারি চিকিত্সা নিতে আসা রোগীর স্বজনদের দ্বারা এক চিকিত্সক শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে দিনব্যাপী এ কর্মবিরতি পালন করছেন তারা। আগামী ১৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার শহরের সকল চিকিত্সক তাদের প্রাইভেট চেম্বার ২৪ ঘন্টা বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন বিএমএর নেতারা। চিকিত্সকদের কর্মবিরতির ফলে দূর-দূরান্ত থেকে চিকিত্সা নিতে আসা রোগীরা পড়েছেন বিপাকে। চিকিত্সা না পেয়ে রোগীরা ফিরে যাচ্ছেন প্রাইভেট ক্লিনিকসহ অন্যত্র।
