বঙ্গোপসাগরের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী এলসিটি কুতুবদিয়া ও এফবি ফারহানক্রোজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০ পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার বিকালে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় ফারহানক্রোজ অপর জাহাজ এলসিটি কুতুবদিয়াকে ওভারটেক করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ইউএনওর নেতৃত্বে মোবাইল কোর্ট চালিয়ে স্থানীয় প্রশাসন সংঘর্ষে পড়া দুই জাহাজ ক্যাপ্টেনসহ ৭ জনকে আটক করে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন ও সংঘর্ষ লাগিয়ে আতংক ছড়ানোর অভিযোগে জাহাজ দুইটিকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আটক ৭ জনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সন্ধ্যায় জাহাজ দুইটি টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরে এলে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন, টেকনাফ থানার দায়িত্বপ্রাপ্ত এস আই শাহ আলম অভিযান চালিয়ে দুই জাহাজের ৭ জনকে আটক করেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম বলেন, সাগরে জাহাজ দুইটির সংঘর্ষে হাজারো পর্যটকের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এলসিটি কুতুবদিয়া ও ফারহানক্রোজের চলাচলের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
