সেনবাগে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ \ আহত ২০

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বাজারে স্থানীয় কেশারপাড় ও বীরকোর্ট গ্রামবাসির মধ্যে শনিবার রাতে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে পুরো বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বিবদমান দুই পক্ষের মধ্যে কাঁচের বোতল ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার সময় বাজারের অন্তত ১৪/১৫টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০জন আহত হয়। এদিকে, দোকানপাট ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা গত রবিবার দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করে। তারা ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার কেশারপাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্করের ছেলে সুজন শনিবার সন্ধ্যায় সিএনজি অটোরিকশাযোগে বীরকোর্ট গ্রামে যাওয়ার পথে যানজটের কবলে পড়েন। এসময় বীরকোর্ট গ্রামের জামাল হোসেন একটি মোটর সাইকেলযোগে স্থানীয় কানকিরহাট বাজারে আসার পথে সিএনজির ধাক্কা লাগে। এনিয়ে দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরবর্তীতে স্থানীয় দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া, ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।