মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা সড়কে ইট বোঝাই ট্রলির সাথে মাটি বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গ্রাম আওয়ামী লীগের সভাপতি সাকিরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। নিহত সাকিরুল ইসলাম জুগিন্দা গ্রামের মৃত মকরেম শেখের ছেলে। গতকাল সোমবার সকাল ১১টার সময় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে জুগিন্দা-আমঝুপি সড়কের আযান মোড় নামক স্থানে। গাংনী থানা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন জানান, নিহত সাকিরুল ইসলাম যুগিন্দা গ্রাম আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক এমপি মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ শোক প্রকাশ করেছেন।
