নিঝুমদ্বীপের সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষ নিধন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
হাতিয়ার জাহাজমারা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে চলছে বন বিভাগের সৃজিত বৃক্ষ নিধন। নিঝুমদ্বীপসহ জাহাজমারা রেঞ্জের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে সারাবছর বনবিভাগের সৃজিত গাছ কেটে বন উজাড় করে চলছে একটি চক্র। বন বিভাগ ’৭৩ ইং সাল থেকে নিঝুমদ্বীপের নতুন জেগে উঠা চরে বনায়ন শুরু করে। নব্বইর দশকের শুরুতে জাহাজমারা রেঞ্জের চর ওসমান বিটের কমলার চরের উত্তর পূর্বাংশে ব্যাপকভাবে বৃক্ষ নিধন শুরু হয়। জাহাজমারা রেঞ্জের চর ওসমান বীটের কমলার চরের উত্তর পূর্বাংশের প্রায় ১০ বর্গ কি.মি. জায়গা এখন প্রায় বৃক্ষ শূন্য হয়ে পড়েছে। এখানে গড়ে উঠেছে জনবসতি, হাট-বাজার ও রাস্তাঘাট। নিঝুমদ্বীপে বসবাসরত ২৮ হাজার বাসিন্দার বিভিন্ন চাহিদা পূরণকল্পে বিরতিহীনভাবে চলছে বনবিভাগের বাগানের বৃক্ষ নিধন। জাহাজমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জাবের হোসেন বলেন, নিঝুমদ্বীপের কমলার চরসহ জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলের কোথায়ও কোন বেড়া নেই। ফলে বিস্তৃীর্ণ বনাঞ্চলের যে কোন স্থান দিয়ে বন কর্মচারীদের বিনা অনুমতিতে লোকজন বনে ঢুকে পড়ে। নগণ্যসংখ্যক বন কর্মচারীর পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।