ভুরুঙ্গামারীতে প্রকৌশল বিভাগের একটি পুরাতন ব্রিজের অস্তিত্ব না থাকলেও নিলাম বিজ্ঞপ্তি আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে নিলাম কমিটির সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান লিখিত অভিযোগ করার পরও কোন ব্যবস্থা না নিয়ে নিলামের উদ্যোগ নেয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। জানা গেছে, ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার হতে মানিক কাজি রাস্তায় এলজিইডি বিভাগের পুরাতন ব্রিজটির স্থলে একটি নতুন ব্রিজ নির্মাণের দরপত্র আহ্বান করে ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হয়। প্রকৌশল বিভাগ ও ঠিকাদার যোগসাজশে পুরাতন ব্রিজটি নিলামে না দিয়ে তা ভেঙ্গে মালামাল আত্মসাত্ করে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু করে। পরবর্তীতে এ ব্যাপারে জানাজানি হলে গত ৩০ জানুয়ারি প্রকৌশল বিভাগ গোপনে বিজ্ঞপ্তি আহ্বান করে। এ ঘটনা প্রকাশ হয়ে পড়লে ঐ নিলাম স্থগিত করে পুনরায় ৬ ফেব্রুয়ারি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্ু্ত নিলাম কমিটির সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান মালামালের বিবরণ ও সরকারি মূল্য নির্ধারণ না করে নিলাম বিজ্ঞপ্তি প্রচার করায় একই দিন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যানের অভিযোগ উপেক্ষা করে রবিবার নিলামের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নিলাম স্থগিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী রফিকুল হক জানিয়েছেন, ঠিকাদারকে কার্যাদেশ দেয়ায় তারা মালামাল সরিয়ে নতুন ব্রিজের কাজ শুরু করেছে। ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান অভিযোগের কথা স্বীকার করেছেন ।
