ধামরাইয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ
ধামরাই সংবাদদাতা \ গতকাল সোমবার ধামরাইয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়। উপজেলার তিনটি ইউনিয়ন ধামরাই, ভাড়াড়িয়া, কুল্লা ও ধামরাই পৌরসভার ১৮০০ ভাতাভোগীর মাঝে এ ভাতা বিতরণ করা হয়। স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতিতে এ ভাতা বিতরণ করেন।
রানীশংকৈলে ডেলটা লাইফের রজত জয়ন্তী
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ রানীশংকৈল উপজেলায় ১০ ফেব্রুয়ারি রবিবার ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিঃ-এর গণ-গ্রামীণ বীমা ডিভিশনের ‘রজত জয়ন্তী’ (২৫ বছরে পদার্পণ) পালন করা হয়। এ উপলক্ষে ওই দিন সকালে গণ-গ্রামীণ বীমার কর্মকর্তা, সংগঠক ও কর্মীরা পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করে।
ফেনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
পরশুরাম সংবাদদাতা \ ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে দিনব্যাপী পিঠা উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর উত্পল কান্তি বৈদ্য, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডিএ বিলকিস আরা চৌধুরী, ভাইস প্রিন্সিপাল সেতারা আক্তার, পিঠা উত্সবের আহবায়ক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
ভালুকায় বিএনপির কর্মসূচিতে হামলার চেষ্টা
ভালুকা সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার ভালুকায় বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, অপহরণ ও গুপ্তহত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল চলাকালে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা করতে এলে পুলিশ তাদের আটকে দেয়।
গাইবান্ধায় রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় বন্যায় ক্ষতিগস্ত দুস্থ ও অসহায় ১শ’ ১৫টি পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রবিবার ১১ হাজার ৭শ’ ৫৮ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক আনুষ্ঠানিকভাবে এই চেক দুস্থ ও অসহায় পরিবারগুলোকে প্রদান করেন।
সিরাজগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জের মুলিবাড়িতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাকে থাকা আরো ২ যাত্রী। গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
মানিকগঞ্জ ছাত্রদলের কমিটি গঠন
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। মাসুদ পারভেজ সভাপতি ও মোস্তাফিজুর রহমান প্রিন্সকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটি শনিবার বিকেলে এ কমিটি ঘোষণা করে।
মোহনগঞ্জে ১ শিক্ষক ও ৪ শিক্ষার্থী বহিষ্কার
মোহনগঞ্জ সংবাদদাতা \ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুন নূর আকস্মিকভাবে গতকাল রবিবার নেত্রকোনার মোহনগঞ্জ দাখিল মাদ্রাসা কেন্দ্র পরীক্ষা চলাকালে পরিদর্শনে এসে কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ঐ কেন্দ্রে দায়িত্ব থাকা মোহনগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক ও খালুয়া মাদ্রাসার ৪ ছাত্রকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করে ।
দাউদকান্দিতে যুবক খুন
দাউদকান্দি সংবাদদাতা \ রবিবার কুমিল্লা তিতাস উপজেলার কড়িকান্দি বিল থেকে সাইফুল ইসলাম(১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম তালুকদার জানান, উপজেলা সদরের কড়িকান্দি বিলে এক যুবকের লাশ ইরি জমিতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবক উপজেলার কড়িকান্দি গ্রামের আনোয়ার হোসেনের পুত্র সাইফুল ইসলাম।
আড়াইহাজারে ডাকাতি
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাচআনি কদমতলী গ্রামে এই ডাকাতির ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, রাত পৌনে ১টার সময় ওই গ্রামের ব্যবসায়ী ফারুকের বাড়িতে হামলা চালিয়ে ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
পবায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
রাজশাহী অফিস \ পবা উপজেলার কালুপাড়া থেকে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। মূর্তিটির আনুমানিক দাম প্রায় ৫০ লক্ষ টাকা বলে বিজিবি’র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সোলায়মান তালুকদার জানিয়েছেন। তিনি আরো জানান, শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ হাফিজুর রহমানের উপস্থিতিতে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে মূল্যবান মূর্তিটি উদ্ধার করে।
ফেনীর দাউদপুরে দুর্ধর্ষ ডাকাতি
ফেনী প্রতিনিধি \ রবিবার রাত ৩টার দিকে একদল ডাকাত ফেনী দাউদপুর ব্রিজ এলাকায় এক প্রবাসীর বাড়ির তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী ও তার ছোট ভাই মিনারের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাদের চিত্কারে এলাকাবাসী বের হয় এবং টহল পুলিশ ঘটনাস্থলে এগিয়ে গিয়ে ৪ ডাকাতকে জনতার সহযোগিতায় গ্রেফতার করে।
হোসেনপুরে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা সদর বাজারে গত রবিবার ভ্রাম্যমাণ আদালত চলাকালে দুইজন ম্যাজিস্ট্রেট মোমেনা খাতুন ও শামীম আল ইমরানকে উত্তেজিত জনতা আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে। সদর বাজারের বৈশাখী হোটেল ও মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার অপরিষ্কারভাবে খাবার পরিবেশন করায় ভ্রাম্যমাণ আদালত চার হাজার টাকা জরিমানা করে।
গোসাইরহাটে ৭০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগের পাড়া বাজারে অগ্নিকাণ্ডে ৭০টি দোকান ভস্মিভূত হয়েছে। শনিবার রাতে ইলেকট্রিকসামগ্রী মেরামতের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। শরীয়তপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ রবিবার রাতে শ্রীপুরের বরমী বাজারে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ভস্মিভূত হয়। আব্দুল আউয়াল খলিফার দোকানের বিদ্যুতের শর্টসার্টিক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বাজারে আগুন ছড়িয়ে পড়লে ১২ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালায় পানিতে ডুবে নুর আলী নামের ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার পিতার নাম আশরাফুল ইসলাম। রবিবার তালা উপজেলার মোবারকপুর গ্রামের ওয়াপদা এলাকায় উক্ত ঘটনা ঘটে।
শিবালয়ে কিশোর আকাশ নিখোঁজ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের মুছা মন্ডলের পুত্র আকাশ মন্ডল (১৫) গত ৮ দিন যাবত্ নিখোঁজ রয়েছে। থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, আকাশ গত ২ ফেব্রুয়ারি তাবলীগে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। তার উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার।
নাগেশ্বরীতে বাস মালিক সমিতির অফিস ঘেরাও
নাগেশ্বরী সংবাদদাতা \ নাগেশ্বরীতে বণিক সমিতির উদ্যোগে ভুরুঙ্গামারী-রংপুর সরাসরি বাস চলার দাবিতে স্থানীয় জনতা গত রবিবার বাস মালিক সমিতির কার্যালয় ঘেরাও করে। বক্তব্য রাখেন বণিক সমিতির নুরন নবী দুলাল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নু, অধ্যক্ষ সাহেদুল ইসলাম, অধ্যক্ষ নাসিমুল হক রবু, উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুল রাজা, সাংবাদিক লিটন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মঞ্জু, যুবলীগ সভাপতি রওশন আলম প্রমুখ।
সরাইলে অগ্নিকাণ্ডে আট বসতঘর ভস্মীভূত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার রাতে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘরসহ আনুমানিক ৮ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ইসলামাবাদ গ্রামের দুলাল মিয়ার ঘরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন আশ-পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্বনাথে পৌরসভার বাস্তবায়ন দাবিতে সংবাদ সম্মেলন
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে শনিবার রাতে উপজেলা সদরের ‘সোনারগাঁও রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে’ সংবাদ সম্মেলন ও এলাকার বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময় করেছে পৌরসভা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাজ্য শাখার আহবায়ক আকদ্দুছ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, একটি গুরুত্বপূর্ণ উপজেলা বিশ্বনাথ। এ উপজেলায় পৌরসভার দাবি দীর্ঘদিনের। কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। সব সরকারের আমলে দাবি জানিয়ে আসলেও বিশ্বনাথে পৌরসভা বাস্তবায়ন হয়নি।
সান্তাহার পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বাংলাদেশ ছাত্রলীগ আদমদীঘির সান্তাহার পৌর শাখার ৬ সদস্য বিশিষ্ট নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। মাহমুদুল হাসান মুন্নাকে সভাপতি ও মেহেদি হাসান রিগ্যানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাহিদ হাসান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও আমিরুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক ইফাদ আহমেদ।
টাঙ্গাইলের মধুপুরে স্কুল ছাত্র খুন
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত শনিবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা শহরের প্রধান সড়কের একটি খাবার হোটেলে রাতযাপন করতে গিয়ে এক স্কুল ছাত্র খুন হয়েছে। নিহত ছাত্রের নাম আব্দুল মান্নান। সে মধুপুর রানীভবানী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বাবার নাম মিনহাজ উদ্দীন। বাড়ি মধুপুর পৌরশহরের বোয়ালী মহল্লায়। থানায় মামলা হয়েছে।
মিঠাপুকুরে তিনটি গ্রেনেড উদ্ধার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে ৩টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শালাইপুরে পুকুর খননকালে এসব গ্রেনেড পাওয়া যায়। পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর গ্রামের শালমারাটারীর মিজানুর রহমান তার নিজস্ব পুকুরের পুনঃখনন কাজ শুরু করলে শ্রমিকরা মাটির নিচে মরিচা পড়া ৩টি গ্রেনেড দেখতে পায়। পরে পুলিশ গ্রেনেডগুলো উদ্ধার করে।
রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় রবিবার রাতে সানজানা টেক্সটাইল মিলের তুলার গোডাউন আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এ সময় গোডাউনের পার্শ্ববর্তী ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মহেশপুর সোনালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল সোমবার মহেশপুর সোনালী ব্যাংক চত্বরে শেখ নাছিম হাসানের সভাপতিত্বে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়। বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের পল্লী ঋণ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ শাহ আলী মোসাদ্দেক, এজিএম মো. আ. হামিদ প্রমুখ।
বোচাগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৮টি ঘর ভস্মীভূত
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ বোচাগঞ্জ উপজেলার ছোট সুলতানপুর গ্রামে রবিবার রাতে এক অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ৩৮টি ঘর ভস্মীভূত হয়েছে।
বিশ্বনাথে যুক্তরাজ্য ছাত্রদল নেতা সংবর্ধিত
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য ওয়েলস শাখার সভাপতি খলিলুর রহমানকে সংর্বধনা দেয়া হয়। এ উপলক্ষে শনিবার উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আমির আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান।
