পাঁচদিনব্যাপী এসএমই মেলা শুরু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৬
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত জাতীয় এসএমই মেলা-২০১৩ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এতে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই‘র প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকীম আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা এসএমই নারী উদ্যোক্তাদের জন্য প্রস্তাবিত শিল্পপার্ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। বক্তারা বলেন, বাংলাদেশের মোট শিল্প উদ্যোগের শতকরা ৯০ ভাগই ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের আওতাভুক্ত। এসব শিল্প প্রতিষ্ঠানে ইতিমধ্যে ৩ কোটিরও বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে এসএমইখাতে বিপুল পরিমাণে আমদানি বিকল্প পণ্য উত্পাদনের পাশাপাশি দেশে ব্যাপকহারে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। পাঁচদিনব্যাপী আয়োজিত এ মেলায় প্রায় একশ’ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক সামগ্রী, হাল্কা প্রকৌশল পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, প্লাস্টিক ও সিনথেটিক্স, ডিজাইন ও ফ্যাসনওয়্যারসহ অন্যান্য এসএমই শিল্পপণ্য প্রদর্শিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।