আজ একুশে টিভিতে ‘বাসন্তী সমীরণে’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
পয়লা ফাল্গুন উপলক্ষে একুশে টিভির বিশেষ অনুষ্ঠান ‘বাসন্তী সমীরণে’ আজ ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় কুটুমবাড়ি রেস্টুরেন্টে আড্ডায় অংশ নেনে দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা সৌন্দর্যব্যক্তিত্ব কানিজ আলমাস খান, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, অভিনেত্রী দীপা খন্দকার ও মডেল-অভিনেতা মুকিত। বসন্তের এই নির্মল আড্ডায় ভিন্ন ভিন্ন অঙ্গনের এই তারকাদের কথায় উঠে আসে নারী-পুরুষ বৈষম্য, তরুণদের ভেতরে উত্সব প্রবণতাসহ নানান কিছু। ‘বাসন্তী সমীরণে’ অনুষ্ঠান প্রসঙ্গে কানিজ আলমাস খান বলেন, ‘এই বসন্তের আড্ডার অনুষ্ঠানকে আমার কাছে আলাদা করে টিভি অনুষ্ঠান মনে হয়নি। কারণ যে ক’জন আড্ডা দিয়েছি, মনে হয়েছে কোথাও নিজেরা প্রাণ খোলা হাসি-আনন্দ শেয়ার করলাম। আমরা সকলেই ব্যক্তিগতভাবেই খুবই ঘনিষ্ঠ।’ ফাহমিদা নবী বলেন, ‘দারুণ এক আড্ডা দিয়েছি। শুটিংয়ের পরদিনই আমার কলকাতায় একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি ছিল। তারপরও আপন মানুষদের আড্ডাটা মিস করতে চাইনি।’