ইরাকের মসুল শহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা ও অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছেন। সোমবার পৃথক দুটি স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। বাগদাদের ২৪০ মাইল উত্তরে মসুল শহরের একটি সেনা তলল্লাশি চৌকিতে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলা চালায়। এতে ৮ ব্যক্তি নিহত ও ১৮ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে সেনাসদস্যও রয়েছেন। মসুলে অন্য ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি করে প্রাদেশিক পরিষদের এক কুর্দি সদস্যের দেহরক্ষীসহ ৪ জনকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। দেশটিতে অনুষ্ঠিতব্য প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে সামপ্রদায়িক ও গোত্রগত দ্বন্দ্ব ক্রমে চরম আকার ধারণ করছে।
