রাশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
রাশিয়ার উত্তরাঞ্চলের কোমিতে কয়লা খনিতে বিস্ফোরণে অন্ততপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গত সোমবার এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনহুয়ার। ঐদিন দেশটির ভরকুটিনস্কায়া কয়লা খনিতে বিস্ফোরণ ঘটলে এতে কর্মরত ২৫৯ শ্রমিকের মধ্যে নিহতরাসহ ২৫০ জনকে উদ্ধার করা হয়। তবে বাকী নয়জন এখনো খনির ভেতর অবরুদ্ধ হয়ে আছে। পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। এদিকে কয়লা উত্তোলনের পথে উচ্চ মাত্রায় মিথেন বের হওয়ার কারণে আরো বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন খনি বিশেষজ্ঞরা। এর ফলে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি তদারকি করার জন্য ইমারজেন্সি মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া নিখোঁজদের খুঁজে বের করতে ও আহতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। বিস্ফোরণের এ ঘটনায় মামলা করা হয়েছে এবং আগামী মার্চের আগেই তদন্ত নিষ্পত্তি করা হবে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।