ফরিদপুরের স্কুলছাত্রীর খোঁজ মেলেনি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে কয়েকদিন যাবত্ নিখোঁজ স্কুলছাত্রী কাকন আক্তারের খোঁজ এখনো মেলেনি । পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের রথখোলা এলাকার মো: নূরুল ইসলাম কালুর কন্যা কাকন আক্তার গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে স্থানীয় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে কাকনের বাবা নূরুল ইসলাম কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানা যায়, কাকন একই এলাকার গোপাল দত্তের নিকট প্রাইভেট পড়া শেষে আর বাড়ি ফিরে যায়নি। শিক্ষক গোপাল জানান, সেদিনও যথারীতি পড়া শেষে সে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। তার অভিভাবক সম্ভব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে থানায় সাধারণ ডাইরি করেন। কোতয়ালী থানা জানান, আমরা মেয়েটির অবস্থান জানার চেষ্টা করছি। একটি মোবাইল নাম্বার থেকে কাকনের প্রাইভেট শিক্ষক গোপাল দত্তকে হুমকি দেয়া হয়েছিল, সে নাম্বারটিও আমরা যাচাই বাছাই করে দেখছি ।