লঞ্চডুবিতে নিখোঁজ মতলবের চার জনের সন্ধান এখনো মেলেনি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
গত শুক্রবার সকালে মেঘনা নদীর গজারিয়া এলাকায় বালুবাহী কার্গোর ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় মতলব উত্তরের নিহত হয়েছে ১৭ জন। এ পর্যন্ত ১৩ জনের লাশ পাওয়া গেছে। গত মঙ্গলবার পর্যন্ত চার জনের সন্ধান পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় গত শনিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় লঞ্চটিকে আঘাত দেয়ার অভিযোগে ফিরোজা ফারজানা নামের বাল্কহেডের (বালুবাহী জাহাজ) মাস্টার, সারেং ও সুকানিকে আসামি করা হয়েছে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। লঞ্চ ডুবিতে যারা এখনো নিখোঁজ রয়েছে তারা হলেন, সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে শাহনাজ আক্তার (১৮), মুক্তিরকান্দি গ্রামের আবুল হাশেম (৫০) ও তার স্ত্রী শেফালী বেগম, বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের জিলানী প্রধানের স্ত্রী নামজা বেগম (৪০)।