সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১০
নাসিরনগরে আলোচনা সভা নাসিরনগর সংবাদদাতা \ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না। নেত্রকোনা জাসাসের কমিটি গঠন নেত্রকোনা প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ৫১ সদস্য বিশিষ্ট এবং কেন্দ্র থেকে অনুমোদিত নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নবনির্বাচিত সভাপতি তানভির জাহান চৌধুরী কমিটির ঘোষণা দেন। কমিটির নবনির্বাচিত সভাপতি হচ্ছেন তানভির জাহান চৌধুরী, সহ-সভাপতি বাসসের নেত্রকোনা জেলা প্রতিনিধি এম ফখরুল হক। মোরেলগঞ্জে মত্স্যজীবী দলের কমিটি গঠন মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়ন মত্স্যজীবী দলের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার আলোচনা করা হয়। আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্যজীবী দল সভাপতি মো. আউয়াল মাতুব্বর। বিশেষ অতিথি ছিধলেন উপজেলা মত্স্যজীবী দল সম্পাদক এস এম সালাউদ্দিন ইউসুফ। মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ সোমবার কুমিল্লা লালমাই-নোয়াখালী মহাসড়কের মনোহরগঞ্জ-নাঙ্গলকোট সীমানায় তুগুরিয়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় নোয়াখালীগামী মাইক্রোবাসের ধাক্কায় ২জন পথচারী গুরুতর আহত হয়। আহতরা হলো মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী হনুফা খাতুন (৫০) অপরজন নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামের রঙ্গু মিয়ার স্ত্রী দায়নুন নেছা (৫০)। সালথায় গৃহবধূর লাশ উদ্ধার ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরের সালথা উপজেলায় পলি আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ । নিহত গৃহবধূ উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের পিকুল বেপারীর স্ত্রী। সাগর (৫) নামে একটি ছেলে ও মুক্তামণি নামে দেড় বছরের একটি মেয়ে রয়েছে পলির। চাটমোহরে আওয়ামী লীগের কমিটি গঠন চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সোমবার চাটমোহর পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট চত্বরে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। কালীগঞ্জে এক ব্যক্তি খুন ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌরিনাথপুর বাজারে তর্কবিতর্কের এক পর্যায়ে কিল-ঘুষি-লাথিতে সলেমান গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তি একই উপজেলার নিত্যনন্দীপুর গ্রামের মৃত হজরত অলি গাজীর ছেলে। বোদায় জাগপার মানববন্ধন বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ ছাত্র ও যুব জাগপার আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার বোদায় জাগপার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই দাবিতে পঞ্চগড় ঢাকা মহাসড়কের মেডিক্যাল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন জাগপা নেতা সিরাজুল ইসলাম মাস্টার, শাহদত হোসেন প্রধান, জুয়েল কবীর, বোরহান উদ্দীন ও হাবিব। ব্রাহ্মণবাড়িয়ায় স্বাবাস’র সম্মেলন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান লিটনের সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য জেনারেল ওসমানী এ্যাওয়ার্ড-২০১৩ প্রাপ্তি উপলক্ষে সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন পদকপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান লিটন। মারকাজী ইজতেমা মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের দুই দিন ব্যাপী ১৯ তম মারকাজী ইজতেমা বৃহস্পতি ও শুক্রবার ৩১২ দক্ষিন যাত্রাবাড়ীস্থ জামিয়া ইসলামিয়া দারুল উমুল মাদানিয়ায় অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান। মির্জাপুরে বিশ্ব রোগী ও স্বাস্থ্য কর্মী দিবস মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব রোগী ও স্বাস্থ্য কর্মী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল এবং কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজের ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠান কুমুদিনী কমপ্লেক্সে আয়োজন করে। সখীপুর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ সখীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার উপজেলা ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত হয়। এতে কামরুল হাসান সভাপতি ও শাহ্ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শামসুজ্জামান পাশা। বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম। খাগড়াছড়িতে বিমোচন কর্মসূচি শুরু খাগড়াছড়ি প্রতিনিধি \ খাগড়াছড়ি পৌর শহরের সৌন্দর্য সুরক্ষায় যেখানে সেখানে সাঁটানো অবাঞ্ছিত পোস্টারিং বিমোচন কর্মসূচি শুরু করেছে খাগড়াছড়ি পৌরসভা। যত্রতত্র পোস্টার লাগানো বা সাঁটানোকে নিরুত্সাহিত করার লক্ষ্যে জনপ্রতিনিধি-সরকারি কর্মকর্তা-শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পৌরসভার আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচিতে শামিল হন। নলছিটিতে জামায়াত নেতা গ্রেফতার নলছিটি (ঝালকাঠি)সংবাদদাতা \ নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির পাঁয়তারার অভিযোগে ঝালকাঠির নলছিটি পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শহরের হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাউখালীতে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা হয়েছে। রবিউল হাসান রবিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কামরুজ্জামান খান, নুরুল হুদা বাবু, এজেডএম ছাউফুল্লাহ মনির, বশির আহমেদ প্রমুখ কুমিল্লায় ৬৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় মেধাবী ৬৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ জেলা প্রশাসক এ.কে.এম সামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের এস.এ বারী সম্মেলন কক্ষে এ বৃত্তি দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। মানিকগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা মানিকগঞ্জ প্রতিনিধি \ মাসুদ পারভেজ সভাপতি ও মোস্তাফিজুর রহমান প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি শনিবার এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ-সভাপতি মো. লিটন হোসেন, যুগ্ম সম্পাদক খোন্দকার তুহিন, রামিল হাসান ও সাংগঠনিক সম্পাদক এসএম জিন্নাহ। শেরপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার বগুড়া প্রতিনিধি \ বগুড়ার শেরপুরে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার খানপুর ইউনিয়নের শুভগাছা শাবলজানি এলাকায় শেরপুর-ধুনট সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে লুঙ্গি, গলায় মাফলার এবং শার্ট ও সুয়্যেটার রয়েছে। নিহতের বয়স অনুমান ৫০-৫২ বছর। গলাচিপায় মুসলিম এইডের বিক্ষোভ গলাচিপা সংবাদদাতা\ পটুয়াখালীর গলাচিপায় মুসলিম এইডের দুর্নীতির অভিযোগে সোমবার উপজেলা কমপ্লেক্স চত্বরে দুস্থ নারী-পুরুষ বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে । উপজেলার গোলখালী ইউনিয়নের বিক্ষোভকারীরা জানান, মুসলিম এইডের কাজের বিনিময় খাদ্য বিতরণ প্রকল্পের ওই ইউনিয়নের সুপারভাইজার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে কৌশলে বরাদ্দকৃত চাল-ডাল বাইরে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আত্মসাত্ করা হয়েছে।