আজ বসন্তের রং ছড়াবে বইমেলায়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
বইমেলাও থমকে গিয়েছিল প্রতিবাদে। বিকাল চারটায় শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থানরত তরুণদের সাথে একাত্মতা প্রকাশ করে উঠে দাঁড়িয়েছিলেন প্রকাশকরা। পথ চলতি পাঠকরাও যে যেখানে ছিলেন থেমে দাঁড়িয়েছিলেন। বাংলা একাডেমীর মহাপরিচালকসহ কর্মকর্তা ও কর্মচারীরাও এ প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে নেমে এসেছিলেন মেলা প্রাঙ্গণে। বসন্তের আনন্দে মেতে উঠবে মেলা : আজ বুধবার পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। সেই আনন্দের রং লাগবে মেলায়। নীতিমালা ভঙ্গের দায়ে বন্ধ পরবাসীর স্টল : মেলার পরিচালনা কমিটির অভিযানে অভিযুক্ত স্টলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার বিকেলে বৈঠকে বসে কমিটি। এতে মেলার নীতিমালা ভঙ্গকারী হিসেবে প্রায় ৩০টি স্টলকে চিহ্নিত করে সতর্ক বার্তা দেওয়া হয়। এর মধ্যে প্রবাসী লেখকদের বইয়ের স্টল ‘পরবাসী’-কে বুধবার থেকে বন্ধ ঘোষণা করেছে। নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন : মঙ্গলবার মেলার নজরুল মঞ্চে উন্মোচিত হয়েছে ১২টি বইয়ের মোড়ক। এগুলো হলো সাহেরা খানের ‘ভূতের ছড়াছড়ি’, মাসুমা বেগমের ‘ফাগুনে পোড়ালো আগুন’, এ্যালভীন দীলিপ বাগচীর ‘দহন’ ও ‘সমাহার’, নুরুদিন আহমেদ, সামিরা মুসলেহ কানিজ ফাতেমা, মাহমুদ আল বসিরের ‘তারুণ্যের ২০ কুড়ি’, জেসান আরা আরাফুন্নেসার ‘জনান্তিকে কাহারবা’, শেখ আব্দুর রশীদের ‘ইতিহাসের যত গ্রেট’, রাসেল মাহমুদের ‘দ্য ফ্রিল্যান্সার’, ইসমোনাকের ‘কেষ্ট কবির কন্ফারেন্স’, আনোয়ার হোসেনের ‘কবিতার জলছবি’, জয়লাল আফসারের ‘উঠোনে ঘাস হূদয়ে ছাই’ এবং মুহম্মদ শফির ‘বাংলাদেশে সাধক কবীর চর্চা ও অন্যান্য প্রসঙ্গ’। মেলামঞ্চের আয়োজন : মঙ্গলবার বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আলী আহমদ : পান্ডুলিপি সংগ্রাহক, গবেষক ও সম্পাদক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন দুলাল কান্তি ভৌমিক। আলোচনায় অংশগ্রহণ করেন মনিরুজ্জামান, আহমদ কবির, মুহম্মদ শাহজাহান মিয়া, শান্তিরঞ্জন ভৌমিক। সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল কাইউম। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে রামকৃষ্ণ সরকারের পরিচালনায় ধামাইল নৃত্য পরিবেশন করে শ্রীমঙ্গলের সিলেট বিভাগ ধামাইল নৃত্য উন্নয়ন পরিষদ। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ফরিদা পারভীন, দিল আফরোজ রেবা প্রমুখ। আজকের আয়োজন : বুধবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘কামরুদ্দীন আহমদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন মাহবুবা নাসরীন। আলোচনায় অংশগ্রহণ করবেন মুনতাসীর মামুন, মুহাম্মদ সামাদ, জালাল ফিরোজ এবং আহমাদ মাযহার। সভাপতিত্ব করবেন আকবর আলী খান। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।