দেশের উন্নয়নে নিরলস কাজ করুন : রাষ্ট্রপতি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
রাষ্ট্রপতি মো:জিল্লুর রহমান দেশের অধিকতর উন্নয়ন ও অগ্রগতি অর্জনে নিরলস কাজ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তার দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বঙ্গভবন এবং অন্যান্য সহযোগী সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি মো:জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বিগত চার বছর সকল কাজে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি বঙ্গভবন এবং অন্যান্য সহযোগী সংস্থার সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তার রাজনীতির উদ্দেশ্য। রাষ্ট্রাপতির সচিব ও সামরিক সচিব একটি ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। পরে তিনি বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে একটি কেক কাটেন।