এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির ধারাবাহিক বিতর্ক আয়োজনের অংশ হিসেবে হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় আবারো শুরু হতে যাচ্ছে সংসদীয় আদলে ছায়া সংসদ বিএসবি-ক্যামব্রিয়ান ‘স্টুডেন্ট পার্লামেন্ট’। ‘যুক্তির আরশিতে বিম্বিত হোক আগামীর সংসদ’ এই শ্লোগানে আগামীকাল বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। এ পর্বে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সরকারি দল হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ ও বিরোধী দল হিসেবে আহসান উল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুখোমুখি হবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান, বিপণন উপদেষ্টা এম শামসুল হুদা, মক পার্লামেন্টের পরিচালক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, সাংবাদিক জ.ই. মামুন এবং বিএসবি ফাইন্ডেশন চেয়ারম্যান লায়ন এম কে বাশার।
এবারের মক পার্লামেন্টে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণে ইচ্ছুক বিতার্কিকদের নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালক, স্টুডেন্ট পার্লামেন্ট, এটিএন বাংলা বরাবর আবেদন করতে হবে।
