শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধিত) বিল সংসদে পাস

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
শিল্প কল-কারখানার বার্ষিক লভ্যাংশ থেকে ৫ শতাংশ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে জমা রাখা বাধ্যতামূলক করে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল-২০১৩’ বিল সংসদে পাস হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। গত বছরের ২০ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। প্রস্তাবিত আইনে, লভ্যাংশ নির্দিষ্ট সময়ে জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কোম্পানির অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল পরিচালনায় গঠিত ট্রাস্টি বোর্ড লভ্যাংশ জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ট্রাস্টি বোর্ড যদি অব্যাহতভাবে ব্যর্থ হতে থাকে, তবে ব্যর্থতার প্রথম তারিখ হতে প্রত্যেক দিনের জন্য আরো ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।