অবশেষে ডাচ কোচরাই আসছেন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্ভাব্য ডাচ কোচদের নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা একরকম কেটেই গেছে বলে মনে হচ্ছে। অন্তত তেমনটাই দাবি করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতি কাল নিশ্চিত করলেন যে, চ্যালেঞ্জ কাপ উপলক্ষে আসার জন্য যে সব অদ্ভূত শর্ত দিয়েছিলেন তা থেকে সরে এসেছেন ডাচ কোচরা। এখন দুই পক্ষের শর্ত অনেকটাই মিলে গেছে। ফলে চ্যালেঞ্জ কাপ ফুটবলে দায়িত্ব গ্রহণ করতে আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন লুডভিক ডি ক্রুইফ। সাথে আসবেন তার সহকারি রেনে কেস্তার। নেপালে আগামী মাসে অনুষ্ঠেয় চ্যালেঞ্জ কাপ ফুটবলের জন্য বারো দিন কাজ করে আবার দেশে ফিরে যাবেন। এর জন্য তাকে এক মাসের বেতনসহ মোট প্রায় ত্রিশ লাখ টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে। অবশ্য বাফুফে সভাপতি নিশ্চিত করলেন, তাদের দাবিকৃত বোনাসের টাকা আগাম দিতে হবে না। তবে বেতনের অর্ধেক টাকা আগাম দিতে হবে। বাকিটা নেপালে গিয়ে দিলেও চলবে। কোচদের মাঝে যে শর্তগুলো ছিল, তার মধ্যে সবচেয়ে বিচিত্র ছিল—নিজেরা না এলে অন্য কাউকেও পাঠাতে পারবেন তারা! সে শর্ত থেকে সরে এসেছেন ডি ক্রুইফরা। এমনকি বাফুফে চুক্তি বাতিলের ক্ষমতাও পুনঃস্থাপিত করতে পেরেছে। আর এসব শর্ত নিজেদের পক্ষে আসায়ই কোচদের ব্যাপারে নিশ্চিত বোধ করছেন কাজী সালাহউদ্দিন, ‘অর্থ কোনো বড় বিষয় না। তাদের কিছু শর্ত নিয়ে আমরা একমত হতে পারছিলাম না। সেগুলোর সমাধান হয়েছে। বাকি শর্তগুলো তারা কী দিয়েছিল, তা যদি বারবার বলি তাহলে কোচের মাথা নিচু হয়ে যাবে। আমি সেটা চাইছি না। কারণ আমি চাই ডাচ কোচ আসুক। তারা যদি ফুটবলের জন্য কিছু করতে পারে তাহলে সব কিছু ভুলে যাবো।’ ডাচ কোচ আনতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। জানুয়ারিতে দুই বছরের জন্য সমঝোতা চুক্তি করতে গিয়ে নানা বিড়ম্বনার সৃষ্টি হয়েছিল। এটা করতে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে বলেই দাবি করছেন বাফুফে সভাপতি, ‘অর্থনৈতিক চুক্তি করে কোচ আনার অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। এখন কাজ করতে গিয়ে অনেক কিছুই শিখলাম। ভবিষ্যতে আরো সজাগ হয়ে কাজ করতে পারবো।’ তবে আপাতত অভিজ্ঞতা বা এরকম কিছু নয়; বাফুফে এবং ফুটবল অঙ্গন এখন চেয়ে আছে চ্যালেঞ্জ কাপের দিকে। বাফুফে সভাপতিও এই টুর্নামেন্টের ব্যাপারে নিজের লক্ষ্য পরিষ্কার করলেন, ‘আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া এবং মূলপর্বে কোয়ালিফাই করা। এছাড়া যা হবে, সেটা হচ্ছে ব্যর্থতা।’