সমতায় ফিরল নিউজিল্যান্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
টপঅর্ডার ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজে সমতা আনলো স্বাগতিক নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডান পার্কে গতকাল মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপসরা ৫৪ রানে হারায় সফরকারী ইংলিশদের। টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার মার্টিন গাপটিল এবং হামিশ রাদারফোর্ড প্রথম ওভারেই বুঝিয়ে দেন সেই চ্যালেঞ্জ নিতে ভালভাবেই প্রস্তুত তারা। যার ফলাফলে মাত্র ৮.২ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে রান আসে ৭৫। ২৭ বলে এক চার এবং তিন ছয়ে ৪০ রান করে রাদারফোর্ড ফিরে গেলে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম জুটি বাঁধেন গাপটিলের সঙ্গে। দলীয় শতরানের পরপরই ব্যক্তিগত ৪৭ রানে ফিরে যান গাপটিল। এরপরে দ্রুতই আরও দুটি উইকেট পড়ে গেলেও ব্লাক ক্যাপসের রানের গতি কমেনি এতটুকুও। স্টুয়ার্ট ব্রড এবং জেড ডার্নব্যাচের করা শেষ দু’ওভার থেকেই আসে ৩৯! ষষ্ঠ এবং শেষ ব্যাটসম্যান হিসেবে ম্যাককালাম যখন আউট হন তখন তার নামের পাশে ৭৪ রান। ৩৮ বলের এই ইনিংসে ছয়টি চারের পাশাপাশি ছিল পাঁচটি ছয়। ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ১৯২। বড় লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৪ রানেই ইংল্যান্ড হারায় তাদের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে। কার্যত এই বিপর্যয় আর কখনোই পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তারা। মিডলঅর্ডার ব্যাটসম্যান জোস বাটলার উইকেটের এক প্রান্ত আগলে থাকলেও তাকে যোগ্য সাহচর্য দিতে পারেননি কেউই। পেসারদের দারুণ সূচনার পরে মিডিয়াম পেসার জেমস ফ্রাঙ্কলিনও উইকেট শিকারে যোগ দিলে ১৩৭ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।