হাসপাতালে ভিয়া

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
শারীরিক সমস্যা বার্সেলোনার পিছুই ছাড়ছে না। এবার কিডনির সমস্যায় পড়েছেন ডেভিড ভিয়া। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বার্সেলোনা ফুটবল তারকা ডেভিড ভিয়া। সেখানে তার কিডনিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। স্পেনের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ভিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা। শনিবার গেটাফের বিরুদ্ধে ৬-১ গোলে বিজয়ী বার্সেলোনার হয়ে গোল পাওয়া ৩১ বছর বয়সী ভিয়া শনিবার লা লীগায় গ্রানাডার বিরুদ্ধে খেলতে পারবেন কিনা এখনো নিশ্চিত নয়। নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘কিডনির পাথর বের করতে খুব শিগগিরই তার শরীরে অস্ত্রোপচার করা হবে। আগামী ম্যাচে ভিয়ার খেলা নিয়ে সন্দেহ আছে।’ এর আগে ২০১১ সালের ডিসেম্বরে বাম পা ভেঙ্গে যাওয়ার পর গত বছর বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছে ভিয়াকে। এছাড়া ডান পায়ের পেশীতে টান ধরায় জানুয়ারি মাসেও তিন ম্যাচ খেলতে পারেননি তিনি।