ঢাকা সবুজ চ্যাম্পিয়ন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
অবশেষে প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ঢাকা সবুজ ভলিবল দল। স্বপ্ন পূরণ হলো নতুন চ্যাম্পিয়ন ঢাকা সবুজ ভলিবল দলের। কারণ অনেক দিন ধরেই এই দলটি শিরোপার পেছনে ছুটছিল। ২০০২-০৩ মৌসুমে শিরোপা লড়াইয়ে উঠেও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। ফায়ার সার্ভিসের বিরুদ্ধে খেলে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ২০০৫-০৬ মৌসুমে আবার সুযোগ আসে। সেবারও পারেনি তারা। উত্তরা স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়। রানার্স-আপ হয়ে বাড়ি ফিরতে হয়েছিল ঢাকা সবুজ দলের। গত মৌসুমে তৃতীয় স্থান পাওয়া দল ঢাকা সবুজ এবার বাজিমাত করেছে। গতকাল ভলিবল স্টেডিয়ামে ওয়ালটন এয়ারকন্ডিশনার প্রথম বিভাগ লিগের শেষ ম্যাচে ঢাকা সবুজ ৩-২ সেটে বাংলাদেশ জেলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। নতুন চ্যাম্পিয়ন ঢাকা সবুজ খেলবে প্রিমিয়ার ভলিবল লিগে। লিগ নির্ধারণী ম্যাচ দারুণ উপভোগ্য ছিল। কারণ চ্যাম্পিয়ন দল ঢাকা সবুজ প্রথম দুই সেটে ২২-২৫ ১৫-২৫ ব্যবধানে হেরে গিয়েছিল। দর্শকরাও ধরে নিয়েছিলেন, ঢাকা সবুজ পারবে না। চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ জেল; কিন্তু তৃতীয় সেটে সবার ধারণা বদলে দিয়ে চমক দিতে শুরু করল ঢাকা সবুজ। অসাধারণ ম্যাচ উপহার দিয়ে ২৫-২৩, ২৫-২২ এবং ১৫-১৩ সেটে বাংলাদেশ জেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা সবুজ। অনেক প্রতীক্ষার পর শিরোপা পেয়ে আনন্দ উল্লাস করে ভলিবল কোট মাতিয়ে তুললেন খেলোয়াড়রা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন রানার্স-আপ বাংলাদেশ জেল দলের নবীন ঘোষ, একই দলের সেরা সেটার মহসীন। চ্যাম্পিয়ন দলের সেরা অ্যাটাকার অনীক, সেরা ডিফেন্ডার তৃতীয় স্থান পাওয়া উত্তরা স্পোর্টিং ক্লাবের ফয়সাল পুরস্কার পেয়েছেন। পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরবি গ্রুপের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর ইকবাল বিন আনোয়ার। ঢাকা সবুজ ঃ স্বাধীন, অনিক, মোমেন, মিতুন, মিন্টু, শুভ, ওবায়েদ, মিলন, জামান, রন্ডিল, সাইফু, শান্তু। বাংলাদেশ জেল ঃ নবীন, জিয়া, অপু, জনি, মহসিন, ফকরুল, সাদেক, নবীন হোসেন, সোহাগ, আসাদ, মামুদ, মামুন।